ছবি তুলতে গিয়ে প্রথম আলোর আলোকচিত্রী লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত ভবনে চাঁদাবাজি মামলার আসামি যুবলীগের নেতা মশিউর রহমানের ছবি তুলতে গেলে যুবলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রথম আলোর আলোকচিত্রী সৌরভ দাশ।
এ সময় যুবলীগের কর্মীরা সৌরভকে কিল-ঘুষি দিয়ে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেন বলে অভিযোগ। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করলে আদালত মশিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ছয়টায় আদালত থেকে মশিউরকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে যান সৌরভ দাশ। আদালতের হাজতখানার নিচে ছবি তোলার সময় মশিউরের ২০-২৫ জন অনুসারী সৌরভকে গালাগাল করে মাথা ও মুখে কিল-ঘুষি মেরে ক্যামেরা ছিনিয়ে নেন বলে জানা গেছে। পরে সেখানে কর্তব্যরত পুলিশ এসে তাঁকে রক্ষা করেন। পরে ক্যামেরাটি ফেরত দিলেও এর লেন্স এবং মেমোরি কার্ড নিয়ে যান বলে জানান সৌরভ দাশ।