ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২০
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামে গত বুধবার বিয়েবাড়িতে এক তরুণীর ছবি তোলাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের লিটু বাহাদুরের মেয়ে সাথী খানমের সঙ্গে খুলনার সোনাডাঙ্গা থানার বাবুল সরদারের ছেলে হাসিবুল ইসলামের বিয়ে হয় গত বুধবার। ওই দিন বেলা দেড়টার দিকে ৪০-৫০ জনের বরযাত্রী গাড়িতে করে কনের বাড়ির কাছে আমবৌলা খেয়াঘাটে উপস্থিত হয়। এ সময় কনেপক্ষের আত্মীয় আমিন ও তাঁর দু-তিনজন সহযোগী মোবাইল ফোনে বরযাত্রীদের সঙ্গে থাকা এক তরুণীর একাধিক ছবি তুললে বরযাত্রীরা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।