ছবি তোলার সময় পুলিশের গাড়ি চাপা দিল সাংবাদিককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ট্রাক আটক করে চালককে মারধর করছিল পুলিশ। এ ঘটনার ছবি তুলছিলেন ইত্তেফাক-এর মধুখালী প্রতিনিধি শাহ ফারুক আহম্মেদ (৪৫)। এ সময় পুলিশের গাড়িটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মধুখালী বাজারে এ ঘটনা ঘটে। ফারুককে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, করিমপুর হাইওয়ে থানার হাবিলদার তোফাজ্জেল হোসেন একটি ট্রাককে করিমপুর থেকে ধাওয়া করে মধুখালী বাজারে গিয়ে আটক করেন। পরে ওই হাবিলদার চালক জাহাঙ্গীর আলমকে ট্রাক থেকে নামিয়ে মারধর শুরু করেন। এ সময় সাংবাদিক ফারুক মারধরের ছবি তুলতে যান। একই সঙ্গে এলাকাবাসীও এগিয়ে আসেন। একপর্যায়ে পুলিশের গাড়িটি ফারুককে চাপা দিয়ে দ্রুত করিমপুরের দিকে চলে যায়।পরে এলাকাবাসী মধুখালী বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। আধা ঘণ্টা পর ইউএনও শফিক হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান ঘটনাস্থলে হাজির হয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।উপজেলার নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা ট্রাকচালক জাহাঙ্গীর অভিযোগ করেন, ‘ফরিদপুর থেকে মধুখালী আসার পথে উপজেলার বোয়ালিয়া এলাকায় হাইওয়ে পুলিশ আমার গাড়ির গতিরোধ করে। তারা কাগজপত্র দেখার পর আমার কাছে ঘুষ চায়। আমি ২০০ টাকা দিলে তারা নিতে অস্বীকার করে। তখন আমি ট্রাকটি দ্রুত মধুখালীর দিকে চালিয়ে নিয়ে যাই। আমাকে ধাওয়া করে মধুখালী বাজারের সামনে ওই হাইওয়ে পুলিশ ট্রাকটি থামায়। পরে আমাকে ট্রাক থেকে নামিয়ে পুলিশ বেধড়ক মারধর করে।’সাংবাদিক ফারুক জানান, ট্রাকচালককে মারধর করার সময় তিনি ছবি তুলতে যান। এ সময় লোকজন জড়ো হতে শুরু করলে পুলিশের গাড়িটি দ্রুত তাঁকে চাপা দিয়ে চলে যায়। গাড়ির চাকা তাঁর কোমরের ওপর দিয়ে গেছে। ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল কর্মকর্তা অপূর্ব কান্তি বিশ্বাস বলেন, ফারুকের এক্স-রে প্রতিবেদনে দেখা গেছে, তাঁর ডান দিকের কোমরের নিচে পায়ের সঙ্গে সংযোগস্থলের হাড় ফেটে গেছে।পুলিশ ইচ্ছাকৃতভাবে সাংবাদিককে চাপা দেয়নি দাবি করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোতালেব বলেন, একটি ট্রাক দুর্ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে। তখন স্থানীয় জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় গাড়িটি রক্ষা করতে দ্রুত চালিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। মধুখালী থানার এসআই শহীদুল ইসলাম বলেন, গাড়ি ভাঙচুরের হাত থেকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।পুলিশের দাবি মিথ্যা উল্লেখ করে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, চাঁদা না দেওয়ায় পুলিশ ট্রাকচালককে মারধর করে। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে গাড়িটি ফারুকের শরীরের ওপর উঠিয়ে দিয়ে পালিয়ে যায়।ভাঙ্গায় নছিমনের চাপায় তরুণ নিহত: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় নছিমনের চাপায় মিকাইল মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী সাইফুল ও আহাদ। মিকাইল ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার জাহান মিয়ার ছেলে।