
‘এইভাবে বাচ্চাগুলোকে মেরে ফেলছে, আল্লাহ তোমার কেমন বিচার।’ মাহবুব রাব্বী তনয়দের বাড়ির বাইরে ভেসে আসছে নারী কণ্ঠের এমন বিলাপ। ভেতরে ঢুকে দেখা গেল, তন্ন তন্ন করে আলমারিতে মাহবুবের মা তাঁর একমাত্র ছেলের সবচেয়ে সুন্দর ছবি খুঁজছেন। যাঁরা সান্ত্বনা দিতে এসেছেন, তাঁদের তা দেখাতে চান মা।
গতকাল মঙ্গলবার শেওড়াপাড়ায় মাহবুবদের বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে এমনই ছিল চিত্র। তখনো লাশ এসে পৌঁছায়নি।
২৪ এপ্রিল মাহবুবের জন্মদিন ছিল। ২৫-এ পা দিয়েছেন মৃত্যুর ঠিক এক দিন আগে। গত সোমবার কলাবাগানে একটি বাসায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে খুন করে। এই যুবক তাঁর মায়ের একমাত্র ‘বাবু’।

স্বজনেরা জানান, মাধ্যমিক পরীক্ষার পর থেকেই নাটক আর গানবাজনার নেশায় পায়। লোকনাট্য দলের সঙ্গে ভারত, ফ্রান্স ও তুরস্কে ঘুরেছেন। সেই সব ছবিই এখন মাহবুবা রাব্বীর সবচেয়ে মূল্যবান সম্পদ। যিনি আসছেন, তাঁকেই ছবি দেখিয়ে ছেলের গল্প করছেন।
আত্মীয়স্বজন মাহবুবাকে দেখিয়ে বললেন, ছেলে হারিয়ে মা প্রায় পাগল। কলাবাগানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করে এসে বিছানায় বসে ছিলেন সারা রাত। মাহবুবের বাবা খন্দকার নূরে রাব্বী তখন কুতুবদিয়ায় সাগরে। তিনি জাহাজে চাকরি করেন। গতকাল সকালে বাড়ি ফিরেছেন ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে। তিনি প্রায় নির্বাক।
মাহবুবা রাব্বী বলছিলেন, ‘তনয়ের কাল পরীক্ষা ছিল। আশা ইউনিভার্সিটিতে ভর্তি করলাম। শুধু নাটক নাটক করে। বললাম ভাত খেয়ে যেতে। বলল সময় হবে না। বিকেলে শিল্পকলায় শো ছিল। ও এসএ টিভিতে পাপেট শো করেছিল। ওখান থেকে খবর দিল। আমাকে কেউ নিতে চাইল না। আমি শুনি নাই। পরে তন্দ্রাকে (মেয়ে) নিয়ে সিএনজি করে এশার নামাজ পড়ে গেলাম (কলাবাগানে)। দেখলাম ডাইনিংয়ে একজন পড়ে আছে। আর তার পেছনে তনয়। ও মনে হয় ঠেকাতে আসছিল। চোখের সামনে কাউকে খুন হতে দেখলে কি লুকাবে? উপুড় হয়ে পড়ে ছিল।’