ছবি দেখেই সময় কাটছে
চিকিৎসক শেজাদী আপসাকে হারিয়ে শোকে বিহ্বল পুরো পরিবার। অ্যালবাম আর কম্পিউটারে সংরক্ষিত ছবি দেখেই সময় কাটছে তাদের। তাঁর অকালে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা জাহান আরা। নামাজের পাটিতে বড় মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন তিনি। কাঁদছেন মেয়ের ছবি নিয়ে। শেজাদীর একমাত্র ছেলে আহনাফ ইনতেসার সামিনও মাকে হারিয়ে কাঁদছে। মায়ের সঙ্গে তার তোলা ছবি হাতে নিয়ে চুমু খাচ্ছে। এই ছিল শেজাদীর পরিবারের সদস্যদের গত শুক্রবার বিকেলের অবস্থা। গত সোমবার বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের আবাসিক এলাকায় নীলিমা ভবনের তৃতীয় তলা থেকে চিকিৎসক শেজাদীর লাশ উদ্ধার করা হয়। শেজাদীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে বৃহস্পতিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিহতের স্বামী ময়নামতি সেনানিবাসের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার বাদী ও নিহত ব্যক্তির একমাত্র ভাই চিকিৎসক মো. জাভেদ হোসেন বলেন, ‘আমাদের পরিবার ব্যক্তি শফিকুল ইসলামের বিচার চায়, কোনো সেনা কর্মকর্তার বিচার না।’ শেজাদী আপসার মা বলেন, ‘সারাক্ষণই ওর চেহারা চোখে ভাসে। আমার মেয়েটা এভাবে শেষ হয়ে যাবে; তা চিন্তাও করতে পারি নাই। প্রধানমন্ত্রী নারীর জন্য এত কিছু করেন, আমি ওনার কাছে মেয়ে হত্যার বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘ওর ছেলেটা সারাক্ষণ “আম্মু” “আম্মু” বলে চিৎকার করে। রাতে ঘুমাতে চায় না। এ শোক কী করে সইব আমরা।’ শেজাদীর একমাত্র সন্তান আহনাফ ইনতেসার বলে, ‘আম্মু কখন আসবে, আম্মুকে তো দেখি না। বাবা আম্মুকে অনেক জোরে মারো তো।’ পরকীয়ার অভিযোগ: মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০০ সালের ২৪ মার্চ নরসিংদী জেলার সদর উপজেলার জামালিয়াকান্দি গ্রামের শেজাদী আপসার সঙ্গে একই উপজেলার ছগরিয়া গ্রামের সেনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের প্রেম করে বিয়ে হয়। শেজাদী আপসা তখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এমবিবিএস (২৮তম ব্যাচ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিয়ের কয়েক বছর পর শফিকুল পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০০৪ সালে শফিকুল শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়ায় যান। ওই সময় শফিকুলের চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টারের বাসায় এক নারীর চিঠি আসে। তখন শেজাদী বিষয়টি সেখানকার সেনা কর্মকর্তা ও পরিবারের সদস্যদের জানান। এরপর শফিকুলকে লাইবেরিয়া থেকে দেশে ফেরত আনে সেনা কর্তৃপক্ষ। দেশে ফিরে শফিকুল পরকীয়ার বিষয়টি স্বীকার করেন। এ পর্যায়ে সেনা কর্মকর্তারা তাঁকে মৌখিকভাবে সতর্ক করেন এবং পুনরায় লাইবেরিয়া যাওয়ার অনুমতি দেন। মিশন শেষ করে লাইবেরিয়া থেকে ফেরার পর তিনি শেজাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। সেনা কর্মকর্তাদের কাছে নালিশ করার কারণে শেজাদীর ওপর অত্যাচার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।