নিবন্ধন ফরমে (রেজিস্ট্রেশন কার্ড) ছবি পাল্টে এবং অন্যের হয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় দুজন ভুয়া (প্রক্সি) পরীক্ষার্থী। পরিচয় আড়াল করে তাদের একজন একটি এবং অন্যজন দুটি পরীক্ষা দিয়ে ফেলেছে ইতিমধ্যে। চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ও এমইএস কলেজের দুজন পরীক্ষার্থীর হয়ে এই দুই যুবক পরীক্ষায় বসে। দুজনের একজনকে জেলে পাঠানো হয়েছে। অন্যজন ভুয়া পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হওয়ার পরে কেন্দ্র থেকে পালিয়ে গেছে। বোর্ড কর্তৃপক্ষ মূল পরীক্ষার্থীদের বহিষ্কার করেছে। এ ছাড়া যত দিন পর্যন্ত তাদের নিবন্ধনের মেয়াদ থাকবে, তত দিন পর্যন্ত তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিচ্ছি। আগামী বছর থেকে পরীক্ষার্থীদের নিবন্ধন ফরমে ছবি লেমিনেট করে দেওয়া হবে। তাই কেউ আর এভাবে ছবি বদলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।’বোর্ড সূত্র জানায়, গত ৩ এপ্রিল নগরের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এক পরীক্ষার্থীর (ক্রমিক নম্বর-৩৭৬৮৪৬) পক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে বসেছিলেন একজন পরীক্ষার্থী। কেন্দ্র পরিদর্শক উত্তরপত্র সই করার সময় নিবন্ধন ফরমের ছবির সঙ্গে ওই পরীক্ষার্থীর মিল খুঁজে না পাওয়ায় গরমিল ধরা পড়ে। এরপর যাচাই-বাছাই শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরীক্ষার্থীকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে জেলে পাঠিয়ে দেন। অথচ এই পরীক্ষার্থীই সবার চোখ ফাঁকি দিয়ে গত ১ এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানা যায়। নগরের পাহাড়তলি কলেজ কেন্দ্রে এমইএস কলেজের এক পরীক্ষার্থীর (৩৭৬০৮৯) হয়ে পরীক্ষায় বসার অভিযোগে বোর্ড কর্তৃপক্ষ একজন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করে। তিনি নিবন্ধনপত্রের ছবি পাল্টে সেখানে নিজের ছবি বসিয়ে দেন। গত ৭ এপ্রিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন এ ঘটনা জানাজানি হয়। বোর্ড কর্তৃপক্ষ গোপনে বিষয়টি জানার পর পরীক্ষাকেন্দ্রে খবর পাঠায়। কিন্তু ওই পরীক্ষার্থী দোতলার পরীক্ষা কক্ষ থেকে নিচতলায় নামার সময় দৌড়ে পালিয়ে যায়। এই পরীক্ষার্থীও বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে বলে বোর্ড সূত্রে জানা যায়।