টিম স্পিরিট নিয়ে কাজ করুন, আইজিপিকে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন পুলিশপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ছবি: পি আই ডি
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন পুলিশপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ছবি: পি আই ডি

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে দলগত সুশৃঙ্খল স্পৃহা (টিম স্পিরিট) নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীকে অবশ্যই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন পুলিশপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়ে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যও প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রগতি এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকলে আগামী চার বছরের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারব।’
প্রেস সচিব বলেন, র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন আইজিপি শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হোসেন খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।