লেখক, ব্লগার ও প্রকাশক হত্যায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্যের ছবি প্রকাশ এবং পুরস্কার ঘোষণার দুই সপ্তাহ পরও তাদের ব্যাপারে কোনো তথ্য পায়নি পুলিশ। বরং তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কেউ কেউ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের ধরিয়ে দিতে ছবি প্রকাশ খুব কার্যকর একটা মাধ্যম। বিশ্বের বড় গোয়েন্দা সংস্থাগুলো এ পদ্ধতি অনুসরণ করে। কিন্তু আমরা এখনো সে অর্থে কোনো খোঁজখবর পাইনি।’
ডিবির অন্য একজন কর্মকর্তা বলেন, অনেকেই ফোন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পূর্বশত্রুতার কারণে এক ব্যক্তি ফোন করে এক পরিবারের তিন ভাইয়ের নাম ও ঠিকানা দিয়েছিল। কেউ কেউ বলেছে, কিছুদিন আগ পর্যন্ত অভিযুক্তরা আশপাশেই ছিল। এরা যে বড় সন্ত্রাসী বুঝতে পারেনি।
গত ১৯ মে অভিজিৎ রায়সহ কয়েকজন ব্লগার, লেখক ও প্রকাশক হত্যায় জড়িত হিসেবে ছয়জন সন্দেহভাজনের ছবি গণমাধ্যমে প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, এই ছয়জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখা, প্রযুক্তি বিভাগ, প্রশিক্ষক ও জিহাদে উদ্বুদ্ধকারী হিসেবে কাজ করছে। এরা অভিজিৎ রায়, নীলাদ্রি নিলয়, ফয়সল আরেফিন (দীপন) ও ওয়াশিকুর রহমান হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরীকে হত্যাচেষ্টায় জড়িত।
পুলিশ জানায়, গত ফেব্রুয়ারিতে রাজধানীর বাড্ডার সাতারকুল, মোহাম্মদপুর, আশকোনা ও দক্ষিণখানে আনসারুল্লাহর কয়েকটি আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং সংগঠনটির বেশ কিছু নথিপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশ ওই ছয়জনের ছবি শনাক্ত এবং তা গণমাধ্যমে প্রকাশ করে।
তদন্ত-সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের ছবি প্রকাশ করা হয়েছে, তাদের একজন অভিজিৎ রায় হত্যার সময় উপস্থিত ছিল। বইমেলাকে কেন্দ্র করে বেশ কিছু সিসিটিভি ছিল। সেখানকার ফুটেজে ওই ব্যক্তিকে দেখা গেছে। বইমেলায় হাজার হাজার মানুষের মধ্য থেকে খুনিকে শনাক্ত করার কাজটি খুব কঠিন ছিল। ওই কর্মকর্তা বলেন, পরিষ্কার ছবি প্রকাশের পরও এসব ব্যক্তির সম্পর্কে খোঁজ না পাওয়ায় তাঁরা হতাশ।
এর আগে পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা বর্ষবরণ (২০১৫ সালের ১৪ এপ্রিল) অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ করেছিল পুলিশ। তখনো সাড়া মেলেনি।