ছবি সম্পাদনা করে ৩০০ যুবক স্বাবলম্বী
ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে অস্পষ্ট, পুরোনো ছবি আউটসোর্স এক্সপার্টস লিমিটেড নামের গাইবান্ধার একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেসব ছবির সৌন্দর্য বাড়াতে সম্পাদনা ও অলংকরণ (গ্রাফিক ডিজাইন) করে ইন্টারনেটের মাধ্যমে তা আবার ওই সব দেশে পাঠানো হয়। এভাবে কম্পিউটারে ছবির কাজ করে গাইবান্ধার প্রায় ৩০০ যুবক স্বাবলম্বী হয়েছেন।
আউটসোর্স এক্সপার্টস লিমিটেড কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সদর উপজেলার কদমেরতল এলাকায় এটি স্থাপিত হয়। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লন্ডনপ্রবাসী ও সুন্দরগঞ্জ উপজেলার সীচাপাঁচপীর গ্রামের আতিকুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। এখানে ইন্টারনেটের মাধ্যমে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো অস্পষ্ট, পুরোনো ছবির সৌন্দর্য বাড়াতে সম্পাদনা ও অলংকরণের জন্য দিনরাত কাজ করা হয়। কাজ শেষে সৌন্দর্য বৃদ্ধি পাওয়া এসব ছবি ইন্টারনেটের মাধ্যমে ওই সব দেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তা ছাড়া এখানে অনলাইনের বাজার সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। তিনটি স্তরে এসব কাজ করছেন প্রায় ৩০০ যুবক। তাঁদের প্রত্যেকের মাসিক বেতন ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। মোট চারটি কার্যালয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে লন্ডনে একটি, ঢাকায় দুটি ও গাইবান্ধায় একটি।
এদিকে আউটসোর্সিংয়ে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি ২০১৫ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আউটসোর্সিং পুরস্কার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির ফ্রিল্যান্সার মিট অ্যাওয়ার্ড পুরস্কার পায়।
ওই প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী সুন্দরগঞ্জের ছয়ঘরিয়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘আমি অনার্স শেষ বর্ষে পড়ছি। বাবা একজন কৃষক। সামান্য জমি চাষাবাদ করে কোনোমতে সংসার চলে। এর মধ্যে তিন ভাইবোনের লেখাপড়ার খরচ জোগানো সম্ভব নয়। তাই আউটসোর্সের কাজ নিই। মাসিক আট হাজার টাকা বেতন-ভাতা পাচ্ছি। নিজের খরচ চালানোর পাশাপাশি সংসারে দিতে পারছি।’
আউটসোর্সের পরিচালক আতাউর রহমান বলেন, ‘২০১৮ সালের মধ্যে নারীসহ এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছি।’