ছবিতে, কথায়, গানে তাজউদ্দীন স্মরণ
ছবিগুলোর দিকেই দৃষ্টি গেল আগে। তাজউদ্দীন আহমদের ছবি, নানা জনের সঙ্গে, নানা সময়ে।
একটি ছবিতে বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদের সঙ্গে পরামর্শ করছেন। অন্যটিতে তাঁদের সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো।এ ছবিটি ১৯৭১-এর মার্চে তোলা। এর কিছুদিন পরেই পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।এ বছরই স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীনতার পরের ছবিও রয়েছে প্রদর্শনীতে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মদিন ছিল গত ২৩ জুলাই। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল সোমবার শেষ বিকেলে আয়োজন করেছিল আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা ও সংগীত অর্ঘের। রজনীকান্তের গান ‘তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে’ দিয়ে শুরু হয় শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানটি।
মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাংলাদেশের আকাশসীমা হস্তান্তর করতে যে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, সেটিসহ কয়েকটি চিঠির অনুলিপি প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
প্রদর্শনীতে ছিল তাজউদ্দীন হত্যার পর সৈয়দা জোহরা তাজউদ্দীনকে সমবেদনা জানিয়ে লেখা বুলগেরিয়ার রাষ্ট্রদূতের চিঠিটিও। এ ছাড়া তাজউদ্দীন আহমদের ছাত্রজীবন, পরবর্তী সময়ে রাজনীতিতে যোগদান, ৬৯-এর গণ-অভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দেওয়া, ৭০-এর নির্বাচনসহ বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে এখানে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মানুষকে ভালোবাসা ও তাঁদের প্রতি কর্তব্য পালন—শুরু থেকেই তাজউদ্দীন আহমদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। আজীবন তিনি নেপথ্যে থেকে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় ভেতরে-বাইরে বিভিন্ন বাধার মুখোমুখি হলেও সেগুলো মোকাবিলা করে বিজয় লাভ করেছিলেন।
তাজউদ্দীনকন্যা সাংসদ সিমিন হোসেন বলেন, বিদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করার কঠিন কাজটি তাজউদ্দীনকে করতে হয়েছিল। কীভাবে তিনি করেছিলেন কাজটি, সেটি নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। এর আগে তিনি তাজউদ্দীন আহমদের দুর্লভ কিছু আলোকচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীর কাছে হস্তান্তর করেন।
আলোকচিত্র প্রদর্শনীতে রয়েছে একাত্তরে প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদের মুক্তিযুদ্ধ পরিচালনা, তাঁর ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ দুর্লভ কিছু ছবি।অর্থমন্ত্রী তাজউদ্দীনেরও দেখা মেলে কয়েকটি ছবিতে। রয়েছে তাজউদ্দীন আহমদের পারিবারিক বিভিন্ন ছবি। সব মিলিয়ে প্রদর্শিত হয় মোট ৩৪টি আলোকচিত্র ও পাঁচটি চিঠির অনুলিপি।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।