ছবিতে মুক্তিযোদ্ধার হাসিমুখ
‘আমরা আর কয়দিন থাকব। সবাই চলে যাব। কিন্তু ছবিগুলো আমাদের বাঁচিয়ে রাখবে। নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধা চেনাবে।’ মুক্তিযোদ্ধাদের হাসিমুখের ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীতে এসে নিজের ছবি দেখে এ কথা বলেন পাবনার মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহীম।
পাবনা জেলা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘আমার-৭১’ নামে একটি সংগঠন। গতকাল বুধবার ছিল এর দ্বিতীয় দিন। বিভিন্ন বয়সী মানুষ দিনভর ছবিগুলো দেখতে ভিড় জমিয়েছেন। মুগ্ধ হয়েছেন।
আয়োজকেরা জানিয়েছেন, সংগঠনের কর্মীদের তোলা ছবি থেকে বাছাই করে মুক্তিযোদ্ধাদের হাসিমুখের ১০০টি ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর চেয়ারম্যান কে এম সফিউল্লাহ। পর্যায়ক্রমে জেলার প্রত্যেক মুক্তিযোদ্ধার ছবি সংগ্রহ করে আরও প্রদর্শনী করা হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এসব ছবি নিয়ে একটি অ্যালবাম তৈরি করা হবে। পাশাপাশি একটি ওয়েবসাইটে পাবনার সব মুক্তিযোদ্ধার ছবি, জীবনবৃত্তান্ত ও তাঁদের মুক্তিযুদ্ধের গল্প অন্তর্ভুক্ত করা হবে।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখন নেই। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের হাসিমুখ তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সঙ্গে প্রত্যেক মুক্তিযোদ্ধার জীবনবৃত্তান্ত ও তাঁদের যুদ্ধের গল্প সংগ্রহ করা হচ্ছে। যেটা দেখলে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।’
প্রদর্শনীতে আসা মাজহারুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা বলেন, ‘নতুন প্রজন্ম আমাদের মনে রেখেছে, আমাদের নিয়ে ভাবছে, এটা দেখেই আমি মুগ্ধ।’