ছবির কিশোরটিকে খুঁজছেন তার মামা
হাতে একটি ছবি। ছবিটি এক কিশোরের। এটা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দাঁড়িয়ে আছেন শাহজাহান। লাশঘরের সামনে দাঁড়ানো স্বেচ্ছাসেবকদের সেটা দেখাচ্ছেন। দেখাচ্ছেন পুলিশ ও সাংবাদিককে। তিনি এই কিশোরের খোঁজ চান।
১৭ বছরের কিশোরটির নাম শহিদুল ইসলাম। বাবা জাকির হোসেন। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। শহিদুল সম্পর্কে শাহজাহানের ভাগনে। শাহজাহানের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
শাহজাহান জানান, কিশোর শহিদুল ইসলাম বি এম কনটেইনার ডিপোতে কাজ করত। তার বাবা জাকিরও একই প্রতিষ্ঠানের শ্রমিক। অগ্নি দুর্ঘটনার সময় দুজনই ছিলেন ডিপোর ভেতর। বিস্ফোরণের পর থেকে বাবা ছেলের কোনো খোঁজ মিলছিল না।
শাহজাহান বলেন, ‘মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার রাত থেকে খুব টেনশনে সবাই।’ সীতাকুণ্ডের ঘটনাস্থলে খোঁজাখুঁজির পর রোববার দুপুরে শাহজাহান চলে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে করে নিয়ে আসেন ভাগনে শহিদুলের ছবিটি। অনেক খোঁজাখুঁজির পর শহিদুলের বাবা জাকিরকে তিনি হাসপাতালের চারতলায় সার্জারি বিভাগে আবিষ্কার করেন। শাহজাহান রোববার সন্ধ্যায় বলেন, ‘বোনের জামাইকে পেয়েছি। তাঁর অবস্থা খারাপ। চিকিৎসা চলছে। এখন ভাগনেকে খুঁজছি। লাশের ওখানেও দেখতে পাইনি। কী করব জানি না।’
বি এম ডিপোর বিস্ফোরণ ও আগুনে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে শনাক্ত করা গেছে। কিন্তু বাকিদের চেনার কোনো উপায় নেই। আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। তাই সোমবার সকাল থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্তকরণের চেষ্টা চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এই অবস্থায় শাহজাহানের অপেক্ষা কেমন হবে তা একমাত্র নিয়তিই জানে। নাকি এই ছবিটাই সারা জীবন ভাগনের স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয় কে জানে।