ছবির সিফাতে মায়ের চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা সিফাতের সঙ্গে ছোট্ট আইয়ান। এভাবে মাকে আর কোনো দিন পাবে না সে। ছবি: সংগৃহীত
মা সিফাতের সঙ্গে ছোট্ট আইয়ান। এভাবে মাকে আর কোনো দিন পাবে না সে। ছবি: সংগৃহীত

বারবার তাঁর চোখ যাচ্ছিল একটি ছবিতেই। ছোট্ট মেয়ের মুখে তিনি তুলে দিচ্ছেন জন্মদিনের কেক। যতক্ষণ তিনি আদালতে ছিলেন, ততক্ষণ তাঁর চোখ ছিল মুঠোফোনে থাকা ওই ছবিটির দিকে। তখন তাঁর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। তিনি ফারজানা বানু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মা।
২০১৫ সালের ২৯ মার্চ রাজশাহীতে শ্বশুরবাড়িতে সিফাতের অস্বাভাবিক মৃত্যু হয়। চার দিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। মামলায় সিফাতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। পুলিশ পরে এই তিনজন এবং সিফাতের মরদেহের প্রথম ময়নাতদন্তকারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জুবায়দুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

সিফাতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আসিফকে দশ বছর কারাদণ্ড দেওয়ার পর আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান
সিফাতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আসিফকে দশ বছর কারাদণ্ড দেওয়ার পর আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান


আজ সোমবার ঢাকার একটি আদালত সিফাতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আসিফকে ১০ বছর কারাদণ্ড দেন। তবে খালাস পেয়েছেন তাঁর শ্বশুর-শাশুড়িসহ তিনজন। আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষ সিফাতকে হত্যার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সিফাত আত্মহত্যা করেছেন। আদালতের এই রায়ে অসন্তুষ্ট সিফাতের মা-বাবা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান সিফাতের বাবা আমিনুল ইসলাম খন্দকার। তাঁদের ভাষ্য, সিফাত আত্মহত্যা করেনি। তাঁকে হত্যা করা হয়েছে।

সিফাতের মৃত্যুর পর থেকে তাঁর মা ফারজানা পাগলপ্রায়। সিফাতের মৃত্যুর মামলার রায় শুনতে আজ ঢাকার আদালতে আসেন। সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ছিলেন। পেশায় গৃহিণী এই নারীর হাতে থাকা মোবাইলে ছিল সিফাতের ছবি। ফারজানা বলছিলেন, তিলে তিলে বড় করেছেন সিফাতকে। ছোটবেলা থেকে মেধাবী ছিল। ভর্তি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিয়ের পর থেকে মেয়েটি নরকযন্ত্রণা ভোগ করছিলেন। একদিন শোনেন তাঁর মেয়ে শ্বশুরবাড়িতে মারা গেছেন।

সিফাতের মা ফারজানা ও ভাবি গুলশান নাহার রিতার সঙ্গে কথা বলে জানা গেল, সিফাত ও আসিফ রাজশাহীর একটি কলেজে উচ্চমাধ্যমিকে একসঙ্গে পড়তেন। সেখানেই তাঁদের পরিচয়, প্রেম। সিফাত ভালো ফল করেন। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আসিফ ভালো ফল করতে না পারায় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। চলে যান লন্ডনে। সিফাতের কাছে আসিফ দাবি করেছিলেন, তিনি (আসিফ) লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন। কিন্তু বাস্তবে তিনি সেখানে লেখাপড়া করেননি। এর মধ্যে সিফাত অনার্স পাস করেন। দেশে এসে ২০১০ সালে আসিফ বিয়ে করেন সিফাতকে। এরপর সিফাতের স্বপ্ন ভঙ্গ শুরু হয়। তিনি জেনে যান আসিফের আসল পরিচয়। লন্ডনে তিনি কোনো লেখাপড়াই করেননি। একপর্যায়ে ব্যবসা করবেন বলে বাবার বাড়ি থেকে সিফাতকে টাকা এনে দিতে চাপ দেন আসিফ। অন্যদিকে সিফাতকে কোনো চাকরিতে যোগ না দিতে চাপ দিতে থাকেন। কিন্তু সিফাত চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চান। তারপরও সিফাত চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসার প্রস্তুতি নেন। সিফাতের মা ফারজানা বলেন, ওই দিন রাতে সিফাতের ঢাকায় আসার কথা ছিল। সেদিনই তাঁর মৃত্যুর খবর পান।
বিয়ের তিন বছর পর আসিফ-সিফাত দম্পতির একটি ছেলে হয়। তার নাম আইয়ান। এখন তার বয়স চার বছর। সিফাতের মৃত্যুর পর দাদার কাছে থাকছে সে। এ নিয়ে সিফাতের মায়ের অনেক আক্ষেপ।
ফারজানা বললেন, মেয়েকে তো আর কোনো দিন ফিরে পাবেন না। কিন্তু তাঁর সন্তান আইয়ানকেও তিনি পাচ্ছেন না। মেয়ের মৃত্যুর পর কোনো দিন নাতির মুখ দেখেননি।

একটি গাড়ির ওপরে ছোট্ট আইয়ান বসে আছে। তাকে ধরে রেখেছেন মা সিফাত—নিজের মোবাইলে আইয়ান ও সিফাতের এমন ছবি দেখানোর পর আবেগতাড়িত হয়ে পড়েন ফারজানা। তিনি বলছিলেন, আর কোনো মেয়ের জীবনে যেন এমন পরিণতি না হয়। রায় ঘোষণার পর নিজের অসন্তুষ্টির কথা জানালেন। প্রত্যাশা করলেন উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন।

অারও পড়ুন