ছয় আসামির রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের কলেজছাত্র মনির হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাদশা মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া তাঁর পাঁচ সহযোগীর প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হাই এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, গতকাল ওই ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত বাদশা মিয়াকে পাঁচ দিন এবং বাকি পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদশা মিয়া কলেজছাত্র মনিরকে মানিকগঞ্জ থেকে সাভারে নিয়ে যান। পরে রাতে তাঁকে ট্রলারে করে বংশী নদীতে নিয়ে গলায় কংক্রিটের চাঁই ঝুলিয়ে ডুবিয়ে হত্যা করা হয়। এর আগে মায়ের কাছে মনিরের করুণ আর্তি মুঠোফোনে রেকর্ড করা হয়। এরপর এই রেকর্ড শুনিয়ে তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পরদিন মনিরের মা মালেকা বেগম বাদী হয়ে সদর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। ওই দিনই মানিকগঞ্জ সদর ও সাভার মডেল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন এলাকা থেকে আসামি বাদশা মিয়া ও তাঁর পাঁচ সহযোগী আক্তারুজ্জামান, শুক্কুর আলী, মনোয়ার হোসেন, আজগর আলী ও লাল মিয়াকে গ্রেপ্তার করে। সাভারের বংশী নদীর তেঁতুলঝোড়া এলাকা থেকে ১২ সেপ্টেম্বর বিকেলে মনিরের লাশ উদ্ধার করা হয়। এরপর অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়।