ছয় কলেজেই ৫৬ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৩ হাজার ৪৫০টি। এ বছর ভর্তির জন্য আবেদন করেছে ৮৩ হাজার ৩০১ জন। ফলে খালি থেকে যাবে ২০ হাজার ১৪৯টি আসন। তবে ভিন্ন চিত্র চট্টগ্রাম নগরের ছয়টি সরকারি কলেজে। এসব কলেজে মোট আসনের নয় গুণ বেশি আবেদন জমা পড়েছে। ছয়টি কলেজে আসন রয়েছে ৫ হাজার ৯৮৫টি। আবেদন জমা পড়েছে ৫৬ হাজার ৬১টি।
বোর্ড কর্মকর্তারা জানান, গত বছরও প্রায় ১৭ হাজার আসন খালি ছিল। ৯৯ হাজার আসন থাকলেও ভর্তি হন ৮১ হাজার ৯৬৫ শিক্ষার্থী। শিক্ষাবিদেরা বলছেন, শহর আর গ্রামের প্রতিষ্ঠানে শিক্ষার মান, সুযোগ-সুবিধার হেরফেরের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গ্রাম ও শহরের কলেজে শিক্ষার মান সমান থাকলে এই অবস্থা হতো না।
শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কলেজগুলোর মানের পার্থক্যের কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। সবাই ভালো কলেজের পেছনে দৌড়াবে এবং মানসম্পন্ন নয় এ রকম কলেজে আসন খালি থাকবে, এটাই স্বাভাবিক। তাঁর মতে, শিক্ষার মানের বৈষম্য রয়ে তো গেছে; বরং অনেক ক্ষেত্রে তা বাড়ছে। এটি দূর করা কঠিন। শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
চট্টগ্রাম বোর্ড সূত্র জানায়, ৬ জুন থেকে অনলাইন ও মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল আবেদনের শেষ সময়। একজন শিক্ষার্থীর একাধিক কলেজের নাম উল্লেখ করে আবেদন করতে পারার সুযোগ ছিল। এ কারণে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮০ হাজার ৪৯৩টি। চট্টগ্রাম বোর্ডের অধীনে কলেজ রয়েছে ২৩০টি। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা ২৫ জুন প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, সরকারি কলেজগুলোতে ভর্তির চাপ থাকলেও সামগ্রিকভাবে চট্টগ্রাম বোর্ডে আসনসংকট নেই।
বোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগের ৫০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ২০২টি। মানবিক বিভাগের ৩০০ আসনের বিপরীতে জমা পড়েছে ৪ হাজার ৯৬১টি।
সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে বিজ্ঞান বিভাগের ৫২৫টি আসনে আবেদনকারীর সংখ্যা ৬ হাজার ৫৮টি। মানবিকের ৪৫০টি আসনে আবেদন করেছে ৫ হাজার ৮৭৭ জন ভর্তি-ইচ্ছুক। বাণিজ্য বিভাগের ৫২৫টি আসনে জমা পড়েছে ২ হাজার ৮০৮টি আবেদন।
সরকারি সিটি কলেজের দিবা ও বৈকালিক দুটি শাখা রয়েছে। এর মধ্যে দিবা শাখার বিজ্ঞান বিভাগের ৫২৫টি আসনে আবেদন করেছে ৫ হাজার ৫৬৯ জন। মানবিক বিভাগের ৩০০ আসনের বিপরীতে ৬ হাজার ২৭৯ জন এবং বাণিজ্য বিভাগের ৩৫০টি আসনে আবেদন জমা পড়েছে ২ হাজার ৬৪৪টি।
সরকারি মহিলা কলেজের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের প্রতিটিতে ৩০০ করে আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছে ২ হাজার ৫০৯টি। বাণিজ্য বিভাগে ১ হাজার ৪৫৭টি ও মানবিক বিভাগে ২ হাজার ৬৯৮টি আবেদন জমা পড়েছে।
সরকারি কমার্স কলেজের বাণিজ্য বিভাগের ৮০০ আসনের বিপরীতে ১ হাজার ৭৬০ শিক্ষার্থী আবেদন করেছে। এ ছাড়া কলেজিয়েট কলেজের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ৮০টি করে ১৬০টি আসন রয়েছে। এতে আবেদন জমা পড়েছে যথাক্রমে ২ হাজার ৩১৪ এবং ১ হাজার ৩৩৩টি।
চট্টগ্রামে ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির পরিচালনার সঙ্গে যুক্ত প্রাবন্ধিক আবুল মোমেন প্রথম আলোকে বলেন, গ্রাম ও শহরের জীবনযাপন, সুযোগ-সুবিধা ও শিক্ষার মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখন সবাই শহরে বাস করতে চায়। ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান খোঁজে। তাই গ্রামে-গঞ্জে আসন খালি থাকলেও সরকারি কলেজগুলোতে আসনের তুলনায় বেশি আবেদন জমা পড়ছে। এর থেকে উত্তরণ করতে হলে সব জায়গায় শিক্ষার মান সমান করতে হবে।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯৭৯টি বিদ্যালয় থেকে মোট ৮৮ হাজার ৪৬৮ পরীক্ষার্থী অংশ নিলেও পাস করে ৭৩ হাজার ২২১ জন।