বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পুনর্নির্মাণকাজের একটি অংশে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, যেনতেনভাবে কাজ করে বিপুল অর্থ লোপাট করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এরই মধ্যে ঠিকাদার কাজের অনুকূলে প্রায় দুই কোটি টাকার বিল তুলে নিয়েছেন। সরেজমিনে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, সড়কটির চান্দখালী বাইপাস থেকে নিয়ামতি বাজার পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার রাস্তার দুপাশ বর্ধিতকরণ ও পুনর্নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ওই বছরের ২৯ জানুয়ারি প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি গুচ্ছের ওই কাজের দরপত্র আহ্বান করা হয়।
বেতাগী পৌর শহরের উত্তর দিকে মাহমুদার কালভার্ট থেকে বিবিচিনি স্কুল পর্যন্ত রাস্তার ছয় কিলোমিটার অংশের ছয় কোটি টাকার কাজ পান মেসার্স এমএ অ্যান্ড এমএইচই কনস্ট্রাকশনের মালিক হুমায়ুন কবির। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি শুরু থেকেই এলজিইডির জেলা কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে আসছে।
প্রাক্কলন অনুযায়ী সড়কটির দুপাশে ছয় ফুট বর্ধিত করে রাস্তা পুনর্নির্মাণের কথা। দুপাশ বর্ধিতকরণকাজে ২২ ইঞ্চি বেড কেটে তিনটি স্তরে প্রথমে বালু, পরে বালু ও খোয়া এবং আবার খোয়া ফেলে ১৬ ইঞ্চি ভরাট করে দৃঢ়করণ (কমপ্যাক্ট) করে ভিত্তি (বেজ) নির্মাণের কথা। এরপর পুরো রাস্তায় ছয় ইঞ্চি খোয়া (ম্যাকাডাম) ও বালু দিয়ে চূড়ান্ত দৃঢ়করণ করার কথা থাকলেও তা করা হয়নি।
স্থানীয় ঝোপখালী গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান অভিযোগ করেন, সড়কের এই অংশের কাজে দুই পাশে বর্ধিতকরণের জন্য ২২ ইঞ্চি খনন করে (বেড) লোকাল বালু দিয়ে ভরাট করা হয়েছে। পরে পুরোনো রাস্তার ওপরের অংশের পিচ ও পাথর এবং তিন ইঞ্চি পরিমাণ ইটের খোয়া তুলে বর্ধিত অংশে দিয়ে দেওয়া হয়। গোটা রাস্তার ওপরের অংশে ছয় ইঞ্চির স্থলে তিন ইঞ্চি নতুন খোয়া দিয়ে চূড়ান্ত দৃঢ়করণ করা হয়েছে। এখন এর ওপর পিচ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘আমরা এর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকেরা মিথ্যা চাঁদাবাজি মামলার ভয় দেখায়।’
বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম অভিযোগ করেন, ‘সড়কেরই এই অংশে যেনতেন কাজ করিয়ে ঠিকাদার কমপক্ষে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন। এভাবে নির্মাণকাজ হলে ছয় মাসের বেশি এই রাস্তা স্থায়ী হবে না। বিষয়টি আমরা স্থানীয় সাংসদকে জানিয়েছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওই অংশের ছয় কিলেমিটারের মধ্যে পুটিয়াখালী সেতু থেকে বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত চার কিলোমিটার রাস্তার চূড়ান্ত দৃঢ়করণ করে পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। বাকি দুই কিলোমিটারের কাজও চলছে। এলাকাবাসী ওই চার কিলোমিটার রাস্তার দুই পাশের বর্ধিত অংশের কয়েকটি স্থান খুঁড়ে দেখান। তাতে তিন ইঞ্চি গভীরতার পর কোনো খোয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে উপস্থিত কাজের প্রধান মিস্ত্রি মজিবুর রহমানের কাছে কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘কোথায় কী পরিমাণ খোয়া, বালু দেওয়া হয়েছে তা আমি জানি না।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদার হুমায়ুন কবির তা অস্বীকার করে বলেন, ‘প্রাক্কলন অনুযায়ী কাজ করেছি। তবে কোথাও উনিশ-বিশ হতে পারে। যদি হয় তবে ঠিক করে দেব। কাজ শেষ হয়নি।’
অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাহেদুর রহমান বলেন, ‘আমার কাছেও ওই অংশের কাজে অনিয়মের অভিযোগ এসেছে। দুদিন আগে আমরা সেখানে গিয়েছিলাম এবং কিছু জায়গায় পুরুত্ব সমস্যা, খারাপ খোয়া দেওয়ার সত্যতা পেয়েছি। সেটা অবশ্যই ঠিক করা হবে।’