সাত ঘণ্টা পর স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ি এলাকার সুতার কারখানায় লাগা আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট স্পিনিং মিল নামে সুতা তৈরির ওই কারখানায় আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে জানান, আজ বেলা দুইটার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার নিচতলা থেকে আগুন লাগে। দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনতলা ভবনের দোতলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে সকালে গাজীপুর, কালিয়াকৈর ও টঙ্গীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।