লালমনিরহাটের হাতীবান্ধা শিশুনিকেতনের প্রথম শ্রেণির ছাত্র আবদুর রহিম ওরফে উল্লাস হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থীকে যশোর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়।
স্কুলছাত্র রহিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী গতকাল উপজেলার লালমনিরহাট-পাটগ্রাম সড়কে মানববন্ধন করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত নয়টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত দোতলা ভবনের একটি কক্ষের জানালার রডের সঙ্গে তার গলায় মাফলার প্যাঁচানো লাশ পুলিশ উদ্ধার করে। রহিমের বাবা নুরুজ্জামান আহমেদ রাতেই হত্যা মামলা করেন। এ ঘটনায় গত সোম ও বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হাতীবান্ধার দক্ষিণ সিঙ্গিমারী গ্রামের এইচএসসি পরীক্ষার্থী জুয়েল (১৮), দশম শ্রেণির ছাত্র সজিব (১৬) ও সৌখিন (১৬), অষ্টম শ্রেণির স্বপন (১৪) ও সোহাগ (১৪) এবং সপ্তম শ্রেণির আলমগীর হোসেনকে (১৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাতীবান্ধা থানার পুলিশের পক্ষ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে গ্রেপ্তার করা ছয় ছাত্রকে গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবীরের আদালতে হাজির করে।
আদালত গতকাল রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী পুলিশ তাদের গতকাল বিকেলে ওই আদালতে হাজির করে। একই সময়ে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন খারিজ করে দেন এবং অপ্রাপ্ত বয়স্ক উল্লেখ করে আসামিদের যশোর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।