ছয় জেলায় তিন দিনই নাশকতার শিকার রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধে ছয়টি জেলায় রেললাইনে বেশি নাশকতা ও ট্রেনে হামলা হয়েছে। এসব জেলা হলো: ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, কুমিল্লা, বগুড়া, গাজীপুর ও চাঁদপুর। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় তিন দিনই নাশকতা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে ১৮-দলীয় জোটের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শুরু হলেও রেললাইন ও ট্রেনে নাশকতা শুরু হয় সোমবার রাত থেকে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই ছয় জেলাসহ বিভিন্ন জেলায় প্রায় ৮০টি ছোট-বড় নাশকতা ও হামলার ঘটনা ঘটে। রেললাইন উপড়ে ফেলা, ফিশপ্লেট খুলে ফেলার কারণে এ পর্যন্ত তিনটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বিভিন্ন পথে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকে।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, বগুড়া, লালমনিরহাট, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে রেললাইনে আগুন, ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনে হামলা হয়। এসব ঘটনায় গতকালও ঢাকা থেকে মহানগর প্রভাতী ও গোধূলীসহ ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। বাকি ট্রেনগুলোও দুই থেকে ১২ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার থেকেই মালবাহী ও ডেমু ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে ঢাকা থেকেই প্রতিদিন আটটি মালবাহী ট্রেন চলে। সারা দেশে প্রতিদিন ডেমু চলে ১৫টি।

গতকাল রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হক সংবাদ সম্মেলনে জানান, অবরোধের প্রথম দিনে সারা দেশে ২২৭টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। গত দুই দিনে রেলপথে ৬৮২টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে তিন হাজার ৭৯২ জন আনসার সদস্য কাজ করছেন। তিনি জানান, তিন দিনের অবরোধে রেলের প্রায় ছয় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। মানবতা-বিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে এ পর্যন্ত ক্ষতি হয়েছে ৩২ কোটি টাকার সমপরিমাণ। ৪৪টি জেলায় দুই হাজার ৮৩৫ কিলোমিটার রেলপথ আছে।

বুধবার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লার অশোকতলা রেলক্রসিংয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় চট্টগ্রাম-সিলেট পথের উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ১২ ঘণ্টা বিচ্ছিন্ন থাকে। এ সময় ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং ভোগান্তির শিকার হন যাত্রীরা।

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী হামিদুল হক বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ১৫০ ফুট এলাকার ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। ভোর ছয়টায় আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে প্রথমে উদয়নের ইঞ্জিন ও পরে বগি দুটি উদ্ধার করে। লাইন মেরামতের পর বেলা দেড়টায় ট্রেন চলাচল শুরু হয়।

সান্তাহার-লালমনিরহাট রেলপথের বগুড়া সদর উপজেলার ছাতিয়ানতলায় বুধবার গভীর রাতে গ্যাসকাটার দিয়ে প্রায় ৭২ ফুট রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে এই পথের আন্তনগর লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচি ঘোষণার পর বগুড়ায় কাছাকাছি দূরত্বে অন্তত পাঁচবার নাশকতা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক বলেন, ট্রেনে নাশকতা চালিয়ে প্রাণহানি ঘটাতেই বুধবার গভীর রাতে এভাবে রেললাইন কেটে ফেলা হয়েছিল। এটা অবরোধকারীদের কাজ বলেই মনে হচ্ছে।

ভোরে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে রেললাইনের ১২৬ ফুট এলাকার ক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সকালে সেখানে অবস্থান নেওয়া অবরোধ-সমর্থকদের হটাতে গেলে তাঁদের সঙ্গে বিজিবি ও র‌্যাব সদস্যদের সংঘর্ষ হয়। দুপুর ১২টার দিকে মেরামতের পর ওই পথে ট্রেন চলাচল শুরু হয়। আগের দুই দিনও মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে রেললাইনে নাশকতা চালানো হয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গতকাল সকালে টঙ্গীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করেন। এতে টঙ্গী ও জয়দেবপুর জংশন হয়ে ঢাকা-উত্তরবঙ্গ ও ঢাকা-বাহাদুরাবাদঘাট পথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রেলওয়ের কর্মকর্তারা জানান, অবরোধকারীরা ওই স্থানে ফিসপ্লেট খুলে একটি স্লিপার অর্ধেক তুলে ফেললে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে রেললাইনে নাশকতায় অগ্নিবীণা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুই দিন ট্রেন চলাচল বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর এ হামলা হয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে কসবার ইমামবাড়িতে তিনটি স্থানে প্রায় দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলা হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট পথে ২৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের কাছে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন ও রেলের সিগন্যাল খুঁটিতে টায়ারে আগুন ধরানোর চেষ্টা করে অবরোধকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ঘে বিএনপিদলীয় সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমসহ ১৫ জন আহত হন।

সকালে চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় রেললাইনে আগুন দেয় অবরোধকারীরা। পুলিশ দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। মঙ্গলবার ও বুধবারও জেলায় রেলপথে নাশকতা চালানো হয়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কুমিল্লা এবং বগুড়া, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।]