ছয় দফা আন্দোলনে ভূমিকা রাখায় ১০ জনকে সম্মাননা
১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নারায়ণগঞ্জের ১০ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সোমবার নগরের বঙ্গবন্ধু সড়কের শাহনেওয়াজ চেম্বারের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননা পাওয়া ১০ ব্যক্তি হলেন আবদুল হাই, খাজা মহিউদ্দিন, আবদুস সাত্তার, আবদুল গফুর, হারাধন পোদ্দার, শরফুদ্দীন রবি, মোবারক হোসেন, মো. শাজাহান, আবদুল মোতালিব ও মিজানুর রহমান। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ সদরে।
ঐতিহাসিক ৭ জুন উদ্যাপন পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সভাপতিত্ব করেন। এতে ছয় দফা আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোহর আলী চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৮ মে নারায়ণগঞ্জে ছয় দফার সমর্থনে জনসভা করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ অনেকে গ্রেপ্তার হন। এর প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৭ জুন হরতালে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে সাতজন শহীদ হন। এই দিনটিকে জাতীয়ভাবে পালন এবং শহীদসহ আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।