ছয় দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে নগরের জামাল খান প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঢাকাসহ দেশের সাতটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে দাবি-দাওয়ার সপক্ষে বক্তব্য দেন নার্সিং কলেজের শিক্ষার্থী ফারজানা কাদের, সৈয়দ আহমেদ তানশির উদ্দিন, সাবিনা ইয়াসমীন, নন্দিতা পাল প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আশা করছি, সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে। এসব দাবি-দাওয়া নার্সিং শিক্ষার্থী এবং পেশার মানোন্নয়নের স্বার্থেই তুলে ধরছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

ছয় দফা দাবির মধ্যে রয়েছে: ছয় মাস থেকে এক বছর মেয়াদের ইন্টার্নশিপ চালু করা, মাথাপিছু বৃত্তির পরিমাণ বাড়িয়ে ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ, বিশেষ বিসিএস চালুসহ সুনির্দিষ্ট বিধিমালা তৈরি, বিএসসি নার্সিং কোর্স শেষে মাস্টার্স ও উচ্চশিক্ষার সুব্যবস্থা, পৃথক সেবা অনুষদ গঠন এবং নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে প্রটেকটিভ ক্লথ হিসেবে অ্যাপ্রোন প্রদান।

শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে ২২, ২৩ ও ২৫ জুন নার্সিং কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল শনিবার থেকে কলেজ প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।