জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী সাভার বইমেলা শুরু হয়েছে।
বেলা তিনটায় জহির রায়হান মিলনায়তনে যৌথভাবে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, সুফি মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী।
অনুষ্ঠানে অধ্যাপক শাহনাওয়াজ বলেন, গুণগতমান বজায় রেখে প্রথমা প্রকাশন বিভিন্ন গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে চলেছে। ফলে যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই এ প্রকাশনী বইয়ের জগতে নিজেদের জায়গা করে নিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের পাঠক নিঃসন্দেহে এ বইমেলা থেকে উপকৃত হবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আনন্দনের সভাপতি মিজান টিটু, সাধারণ সম্পাদক সূচনা তৃষা, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গতকাল থেকে শুরু হওয়া মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমার বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই বিক্রি হবে ১ রুপি সমান ১ টাকা থেকে ১.৫ টাকায়।