ছয় দিনেও সন্ধান মেলেনি তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে পূজামণ্ডপ থেকে অপহরণের ছয় দিন পরও সজল শীল নামের এক তরুণকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণের ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর গ্রামে শ্যামল শীলের বাড়িতে লক্ষ্মীপূজা চলছিল। এ সময় ১৫-১৬ জন সশস্ত্র যুবক পূজামণ্ডপে হামলা চালায়। হামলায় প্রতিমার একটি হাতও ভেঙে যায়। সশস্ত্র যুবকদের বাধা দিতে গিয়ে শ্যামল শীলের এক বউদি ও দুই ভাতিজা আহত হন। একপর্যায়ে হামলাকারীরা শ্যামলের ভাতিজা সজল শীলকে (১৮) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
মামলার বাদী শ্যামল শীল মঙ্গলবার অভিযোগ করেন, ‘অপহরণের পাঁচ দিন পরও পুলিশ আমার ভাতিজাকে উদ্ধার করতে পারেনি। অথচ আমরা যাদের আসামি করেছি, পুলিশ তাদের গ্রেপ্তার না করে গ্রামের নিরপরাধ তিনজনকে ধরে মামলার আসামি করেছে। অথচ স্থানীয় আবু সিদ্দিক মাস্টার মামলা প্রত্যাহার করে নিতে আমাকে হুমকি দিলেও পুলিশ তাঁকে ধরছে না।’
থানার ওসি আবু জাফর বলেন, ‘ঘটনাটি রহস্যজনক।’