ছয় দিনের সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতে
ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বৃহস্পতিবার ভারতে গেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানমকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটি ভারতের স্থানীয় সময় বেলা পৌনে একটায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বি কে সিংহ ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন। রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।