ছয় পুলিশের চারজনই ঘোরাফেরায় ব্যস্ত
দায়িত্বে আছেন ছয়জন পুলিশ সদস্য। দুজন রাস্তায় দাঁড়িয়ে, চারজন এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাঁর হাতে কোনো অস্ত্র নেই। আর যার হাতে অস্ত্র আছে তিনি দূরে তাকিয়ে বাস থেকে লোক নামা দেখছেন। গতকাল বুধবার বিকেলে এই ছিল গাবতলী বাস টার্মিনালের কাছে একটি অস্থায়ী তল্লাশিচৌকির দৃশ্য। মাত্র ১৩ দিন আগে এই চৌকিতে খুন হয়েছেন দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা।
তল্লাশি নিরাপত্তা নিয়ে বারবার অভিযোগ উঠছে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা স্বীকার করেন, তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনে যতটা সতর্ক থাকা দরকার সে জায়গায় শৈথিল্য থেকে যাচ্ছে। এ কারণে একের পর এক চৌকিতে হামলা হলেও তা ঠেকানো যাচ্ছে না। গতকাল বুধবার সকালেও আশুলিয়ার বারইপাড়া তল্লাশিচৌকিতে হামলা হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন।
রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলী। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে। গতকাল বুধবার বিকেলে সেখানে দেখা গেল, চৌকিতে ছয়জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এঁদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও পাঁচজন কনস্টেবল। এই প্রতিনিধি বিকেল চারটা থেকে এক ঘণ্টা অবস্থান করে দেখতে পান, ছয় পুলিশের মধ্যে দুজন পাশের ফুটপাতের বেঞ্চে খোশগল্পে ব্যস্ত। দলের নেতৃত্বে থাকা দারুস সালাম থানার এসআই আবদুর রাজ্জাক নিজেই পর্বত সিনেমা হলের প্রধান গেটের সামনে মুঠোফোনে কথা বলছেন। তাঁর দেখাদেখি আরও একজন কনস্টেবল হাঁটাহাঁটি করছেন।
অন্য দুজনের মধ্যে অস্ত্র ছাড়া তল্লাশিচৌকির সামনে দাঁড়িয়ে কনস্টেবল নূরুল ইসলাম। তাঁর থেকে প্রায় পাঁচ-ছয় ফুট দূরে সশস্ত্র অবস্থায় আছেন একজন কনস্টেবল। এক ঘণ্টা অবস্থান করে এই দুজনকে কোনো ব্যক্তি বা যানবাহনকে তল্লাশি করতে দেখা যায়নি।
বিকেল সাড়ে চারটার দিকে কথা হয় চৌকির দায়িত্বে থাকা এসআই আবদুর রাজ্জাকের সঙ্গে। তল্লাশির কাজ কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন কোনো সমস্যা নাই। আমি একটু পারিবারিক কাজে ব্যস্ত আছি।’
গত ২২ অক্টোবর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে তল্লাশি করার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ইব্রাহিম মোল্লা।
জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, একজন এসআইয়ের নেতৃত্বে ছয়জন পুলিশ সদস্য গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে দায়িত্ব পালন করেন। আশুলিয়ায় হামলার পরও চৌকিতে এত ঢিলেঢালা ভাব কেন— জানতে চাইলে তিনি বলেন, ‘ঢিলেঢালা বলছেন কেন, আমরা তো প্রতি ১২ ঘণ্টা পরপর ডিউটি পরিবর্তন করি।’