নারায়ণগঞ্জে গত সোমবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনায় ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ছয় কর্মকর্তার ইন্ধন ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সোনারগাঁ থানা-পুলিশের করা একটি মামলায় ৭৯ জন আসামির মধ্যে তাঁদের নামও রয়েছে।
ওই ছয় আসামি হলেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্নেল দেলোয়ার হোসেন, নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল নিজাম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল ফয়েজ উদ্দিন, নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস উদ্দিন, পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ও পরিচালক মার্চেন্ডাইজিং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফরিদ উদ্দিন।
মামলার ব্যাপারে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের ঘটনায় আমাদের কারখানার কোনো কর্মকর্তা জড়িত নন। সহিংস ঘটনার সময় আমাদের কারখানা থেকে কেউ বের হয়ে যায়নি। কাজে যোগ না দিয়ে কেউ কেউ ওই ঘটনায় জড়াতে পারে, সেটা আমি জানি না। এ ছাড়া ওই দিন কাঁচপুর শিল্পাঞ্চলের সব কারখানাই বন্ধ ছিল।’
সোমবার সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে সোনারগাঁ থানায় পাঁচটি মামলা নথিভুক্ত হয়। এর মধ্যে একটি মামলা করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান।
ওই মামলার এজাহারে বলা হয়, বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও উচ্ছৃঙ্খল তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ৬ মে (সোমবার) সকাল সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তাঁরা কাঁচপুর মোড়ে সমাবেশ করে দা, চাপাতি, রড ও লাঠি নিয়ে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে ও আগুন দেয়। এসব ঘটনায় জড়িত বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মী, সন্ত্রাসীসহ কারখানার শ্রমিকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনে অংশ নেওয়ার জন্য ওই দিন কারখানা ছুটি দিয়ে ইন্ধন দেন কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ছয় কর্মকর্তা।
মামলার বাদী এসআই খন্দকার আমিনুর রহমান জানান, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ছয় কর্মকর্তা প্রত্যক্ষভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁদের আসামি করা হয়।
মামলার ব্যাপারে আসামি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কী কারণে আসামি করা হয়েছে তা জানি না। আমরা তো চাকরি করি। আমরা সবাই মালিকপক্ষের সঙ্গে আলাপ করে তারপর মামলার ব্যাপারে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাব।’
দুই বিজিবি সদস্য হত্যার ঘটনায় মামলা: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গত সোমবারের ঘটনায় গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে ওই থানায় সাতটি মামলা হলো।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ জানান, সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে দায়িত্ব পালনকালে হেফাজতের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত, গাড়ি পোড়ানো, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে বিজিবি পিলখানার সুবেদার মোহাম্মদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
অন্যদিকে বাস পোড়ানোর ঘটনায় বাসমালিক আবদুল মান্নান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে একই থানায় মামলা করেছেন। আসামিরা হেফাজতে ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।