ছয় পৌরসভার পাঁচটিরই নিজস্ব কার্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের ছয়টি পৌরসভার মধ্যে পাঁচটি পৌরসভারই নিজস্ব কার্যালয় নেই। উপজেলা প্রশাসন বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত কক্ষ বা ভবনে এসব পৌরসভার কার্যক্রম চালাতে হচ্ছে।
জেলা স্থানীয় সরকার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় ছয়টি পৌরসভা রয়েছে। এগুলো হলো হবিগঞ্জ, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ। চুনারুঘাট ও আজমিরীগঞ্জ ছাড়া সবগুলোই প্রথম শ্রেণির পৌরসভা। নিজস্ব কার্যালয় রয়েছে শুধু হবিগঞ্জ পৌরসভার।
নবীগঞ্জ পৌরসভা স্থাপিত হয় ১৯৯৭ সালে। নবীগঞ্জ উপজেলা পরিষদের একটি ভবনে সাতটি কক্ষ নিয়ে এ পৌরসভার কার্যক্রম শুরু হয়। শুরু থেকে মেয়র পদে আছেন তোফাজ্জল ইসলাম চৌধুরী। ১৮ বছর পার হয়ে গেলেও এই পৌরসভার নিজস্ব কার্যালয় হয়নি। এমনকি কার্যালয় করার মতো জায়গাও পায়নি।
পৌরসভার সচিবের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ভবি মজুমদার বলেন, উপজেলা পরিষদের যে ভবনে কার্যক্রম চালাচ্ছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না। তবে কার্যালয় করার জন্য তাঁরা দুটি স্থান চিহ্নিত করে রেখেছেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। প্রথমে এর কার্যক্রম শুরু হয় সরকারি ডাকবাংলোয়। সেখান থেকে চার বছর পর স্থানান্তর করা হয় শায়েস্তাগঞ্জের পূর্বলেঞ্জাপাড়ার একটি গুদামে। ১৭ বছরে এ পৌরসভার কার্যক্রমের পরিধি বাড়লেও নিজস্ব কার্যালয় হয়নি। বর্তমান মেয়র অলি আহমেদ বলেন, তিনি পুনরায় সুযোগ পেলে নিজস্ব ভবন নির্মাণের ব্যবস্থা করবেন।
মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এ পৌরসভার বর্তমান কার্যক্রম চলছে মাধবপুর উপজেলা পরিষদের একটি ভবনে। পৌরসভার সচিব ফারুক আহমেদ জানান, বর্তমানে যেখানে কার্যক্রম চলছে সেটি যথেষ্ট নয়। স্থান সংকুলানের অভাবে তাঁদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। তবে সম্প্রতি তাঁরা কার্যালয় করার জন্য জমি কিনেছেন।
চুনারুঘাট ও আজমিরীগঞ্জ পৌরসভার কার্যক্রম চলছে নিজ নিজ উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনে। দায়িত্বরত ব্যক্তিরা স্বীকার করেছেন অস্থায়ী কার্যালয়ে ঠিকমতো তাঁরা কার্যক্রম চালাতে পারছেন না।