সুড়ঙ্গপথ ও রেললাইন স্থাপন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ ছয়টি বৃহদায়তন প্রকল্পে চীন চার বিলিয়ন মার্কিন ডলারের ঋণ-সহায়তা দেবে। আগামীকাল ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ‘সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব’ আরও জোরদার হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ঋণ-সহায়তার আওতায় ছয়টি বৃহদায়তন প্রকল্পের মধ্যে না থাকলেও চীনের সহায়তায় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নিয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হবে। তিনি জানান, ৯ জুন চীনের প্রধানমন্ত্রী লি লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে যৌথ ইশতেহার প্রকাশ করা হবে। শীর্ষ বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক ও সম্মতিপত্র সইয়ের কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন৷
‘বিদেশ সফরের রেকর্ড গড়ার ইচ্ছা নেই’: পূর্বসূরির মতো বিদেশ সফরে তাঁর রেকর্ড গড়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী৷ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আপনারা কি আগের পররাষ্ট্রমন্ত্রীর মতো বিদেশ সফরে রেকর্ড করবেন—এমন প্রশ্নের জবাবে এ এইচ মাহমুদ আলী বলেন, ‘আমরা দ্বিগুণ করব না। আমি সব জায়গায় যাই না। যেখানে গেলে কাজ হবে, সেখানে যাই।’ তিনি প্রতিমন্ত্রীকে দেখিয়ে বলেন, ‘বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি গিয়েছিলেন। আমি যাইনি।’