সিরাজগঞ্জের বিসিক শিল্প নগরের ছয়টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া এ সব শিল্পপ্রতিষ্ঠানের প্লটের বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়ার আবেদন করা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। এ ছাড়া দুটি প্লট খালি থাকলেও সেগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে না।
সিরাজগঞ্জ বিসিক কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে সিরাজগঞ্জ জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে শিয়ালকোলে প্রায় ১৪ একর জায়গার ওপর এই শিল্প নগর প্রতিষ্ঠা করা হয়। পরে সেখানে ১৫টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু সরু সড়ক, ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ নানা প্রতিকূলতার কারণে ছয়টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রায় তিন বছর ধরে এ ছয়টি প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিন শতাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকদের অনেকেই যন্ত্রাংশ নিয়ে গেছেন। বেশ কিছু যন্ত্রাংশ এলোমেলো অবস্থায় পড়ে আছে। মো. আবদুল মতিন সরকার নামের এক বিনিয়োগকারী বলেন, ‘লোকসান হওয়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমার নিজের প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে গেছে। পরে প্লট ভাড়া দিয়ে দিয়েছি।’
সূত্র জানায়, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় নতুন বিনিয়োগকারীরা নতুন শিল্প প্রতিষ্ঠা করার জন্য প্লটের বরাদ্দ চেয়ে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
প্লট বরাদ্দ চেয়ে আবেদনকারী মো. শহিদুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকটি শিল্পকারখানা বন্ধ থাকার কথা শুনে আমরা নতুন করে শিল্প স্থাপনের জন্য উদ্যোগী হই। নতুন করে প্লট বরাদ্দ চেয়ে ১০ জন বিনিয়োগকারী আবেদন করেন।’ তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া প্লট বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারীদের দিলে শিল্পের বিকাশ ঘটবে। অন্যদিকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
মো. শহিদুল ইসলাম বলেন, কিন্তু বরাদ্দ দেওয়া তো দূরের কথা, ভাড়া নিয়ে শিল্পকারখানা পরিচালনা করার উদ্যোগ নেওয়া হলেও কর্তৃপক্ষ সেখানে বাধা দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে দুটি প্লট খালি পড়ে থাকলেও কর্তৃপক্ষ সেগুলো বরাদ্দ দিচ্ছে না।
বিসিক শিল্প নগরের দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক বিজন বিহারী গোলদার বলেন, বন্ধ হওয়া শিল্পকারখানাগুলো চালু করার জন্য মালিকদের চিঠি দেওয়া হয়েছে। ১০টি নতুন আবেদন পাওয়া গেলেও প্লট না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
প্লট ভাড়ার ব্যাপারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিজন বিহারী গোলদার বলেন, কোনো শিল্পমালিক অন্য কারও কাছে প্লট ভাড়া দিতে পারবেন। তবে সে ক্ষেত্রে বিসিক কর্তৃপক্ষকে জানিয়েই তা করতে হবে। শিল্পমালিকদের এই আইন মেনে ভাড়া দিতে বলা হয়েছে। দুটি খালি প্লটের ব্যাপারে তিনি বলেন, প্লট দুটি আগের বিনিয়োগকারীদের কাছ থেকে বিসিকের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতা থাকায় আপাতত বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
বিসিক সূত্র জানায়, কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রথমে সেটি চালু করার জন্য চিঠি দেওয়া হয়। তার পরও যদি চালু করা না হয়, তাহলে প্লটের অনুমোদন কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে তিন দফা চিঠি দেওয়ার নিয়ম রয়েছে। চিঠি দেওয়ার পর প্লট বাতিলের জন্য বিষয়টি জেলা কমিটির কাছে উপস্থাপন করা হয়। পরে কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।