ছয় বছর ধরে সম্মেলন নেই, কেন্দ্রের নির্দেশের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর ধরে সিলেট জেলা বিএনপির সম্মেলন হচ্ছে না। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৫ নভেম্বর। প্রায় চার বছর পর গত বছরের এপ্রিলে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। এই কমিটিও চলছে দেড় বছর ধরে। রাজনৈতিক পরিস্থিতির কারণে এত দিন সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, অনেক সমস্যা থাকার পরও চলতি মাসে জেলা সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। এ লক্ষ্যে জেলার ১৭টি কমিটির মধ্যে ১৬টিতে কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে শুধু সদর উপজেলার কমিটি। কেন্দ্রকে তা জানানোও হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ বলেন, ‘সংকটাপন্ন সময়ের মধ্যেও সাংগঠনিক কমিটি গঠনে তৃণমূল পর্যায় থেকে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়েছে। সিলেট সদর উপজেলার কমিটি পুনর্গঠনও প্রায় চূড়ান্ত। এই একটি মাত্র সাংগঠনিক কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার পাশাপাশি জেলা সম্মেলন করার ব্যাপারে এখন কেন্দ্রের নির্দেশের অপেক্ষা করছি। নির্দেশ পেলেই জেলা সম্মেলন হবে।’
জেলা বিএনপির সূত্র জানায়, দলের ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা সম্মেলন শেষে গঠিত হয়েছিল সিলেট জেলা বিএনপির কমিটি। গত বছরের ১০ এপ্রিল পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সিলেটে বিএনপির রাজনীতিতে বিভিন্ন পক্ষ-বিপক্ষ ও কোন্দল এড়িয়ে চলা প্রবীণ আইনজীবী বিএনপি নেতা এম নুরুল হককে আহ্বায়ক ও আটজনকে যুগ্ম আহ্বায়ক করে সদস্য হিসেবে সব ধারার নেতাদের রাখা হয়। কমিটিতে প্রথম সদস্য রাখা হয় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে। আহ্বায়ক কমিটি ঘোষণার ৪৫ দিনের মধ্যে জেলার সব উপজেলা, থানা ও পৌর কমিটির কাউন্সিল শেষে জেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় কেন্দ্র।
আহ্বায়ক নুরুল হক বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে এ নির্দেশ মানা সম্ভব হয়নি। এ ব্যাপারে কেন্দ্রও জানে। তবে এ অবস্থায় থেকে প্রায় দেড় বছরের মধ্যে একটি সাংগঠনিক কমিটি বাদে বাকি সবগুলো কমিটির পুনর্গঠন শেষ হয়েছে। মহানগর বাদে সিলেটে জেলা বিএনপির ১৭টি সাংগঠনিক শাখা রয়েছে। এর মধ্যে ১২টি উপজেলা ও একটি থানা এবং চারটি পৌর কমিটি। ১৭টির মধ্যে সিলেট সদর উপজেলা ছাড়া বাকি ১৬টিতে কমিটি পুনর্গঠন শেষ করে চলতি মাসে কেন্দ্রকে জেলা সম্মেলন করার প্রস্তুতির বিষয়টি জানানো হয়েছে।