দেশে গত ছয় বছরে ১২ লাখ ৫৯ হাজার ৪০৪ মিলিয়ন টাকার দেশি-বিদেশি যৌথ ও বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জানান, ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ১ হাজার ৭৪টি প্রকল্পের অনুকূলে এসব প্রস্তাব পাওয়া গেছে।
জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে শিল্পমন্ত্রী সরকারি দলের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। তিনি জানান, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার জাতীয় শিল্পনীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এলাকাভেদে বিদেশি উদ্যোক্তাদের কর অবকাশ-সুবিধা দেওয়া হবে। অনাবাসী বাংলাদেশিদের বিনিয়োগকে বিদেশি বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আমিনা আহমদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী আগামী অর্থবছরে ২৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে বিসিআইসির নিয়ন্ত্রণাধীন সরকারি কারখানায় ১৪ দশমিক ৫৫ লাখ মেট্রিন টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশের জামদানি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। এর ফলে জামদানির ওপর বাংলাদেশের অধিকারের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
তাহজিব আলমের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু জানান, ২০১৪-১৫ অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী বিএসএফআইসি-নিয়ন্ত্রিত ১৫টি চিনিকলে ৪৮৩ কোটি ২০ লাখ টাকা লোকসান হয়েছে। পিনু খানের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে কাগজের চাহিদা ১০ থেকে ১১ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারনিয়ন্ত্রিত কর্ণফুলী পেপার মিলে উৎপাদন হয় চাহিদার ৩ শতাংশ।
জাতীয় পার্টির নুরুল ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা গড়ে ৭ হাজার ৬৫০ থেকে ৭ হাজার ৮৫০ মেগাওয়াট। গড় উৎপাদনও শতভাগ। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে বর্তমানে ৮০ থেকে ১০০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে, যা প্রত্যাশার চেয়ে কিছু কম। জলবিদ্যুৎকেন্দ্র হওয়ায় বর্ষাকালে কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় উৎপাদনে থাকে।
এ কে এম রহমতুল্লার প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, দেশের জ্বালানি খাতে বিদেশি কোম্পানির মধ্যে শেভরন বাংলাদেশ লিমিটেডের ২ হাজার ৬০১ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, কেয়ার্ন/স্যান্টোস সাঙ্গু ফিল্ডস লিমিটেড ৯৪৮ দশমিক ৪৪ মিলিয়ন, টাল্লো/ক্রিস এনার্জি ২৯২ দশমিক ৬৮ মিলিয়ন, ওএনজিসি ভিদেশ লিমিটেড ১ দশমিক ৯৫৭ মিলিয়ন এবং স্যান্টোস ও ক্রিস এনার্জি ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
ফরহাদ হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, সরকারের কোনো বিধিনিষেধ ছাড়াই প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম সংবাদ পরিবেশন করছে। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি জানান, সেন্সরবোর্ড কোনো অশ্লীল চলচ্চিত্রের ছাড়পত্র দেয় না। কিছু অসাধু ব্যক্তি ও হলমালিক সিনেমা হলগুলোতে অননুমোদিত অশ্লীল দৃশ্য প্রদর্শন করেন।
শিরীন আখতারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ক্যামেরা পারসনদের জন্য বেতনকাঠামো গঠনের সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।