ছয় বছরেও চালু করা হয়নি দীঘিনালার পানি শোধনাগার
বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় ছয় বছরেও চালু করা যায়নি খাগড়াছড়ির দীঘিনালার পানি শোধনাগার। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দীঘিনালা পানি শোধনাগারে গিয়ে দেখা যায়, শোধনাগারের স্থাপনাগুলোতে শেওলা জমে গেছে। মোটর কক্ষে বিভিন্ন মালামাল স্তূপ করে রাখা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ৯৬ লাখ টাকা ব্যয়ে দীঘিনালা উপজেলা সদরে পানি শোধনাগার নির্মাণ করা হয়। ২০০৮ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান শোধনাগারটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় সাত বছরেও পানি শোধনাগারটি চালু করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ২০১১ সালের জুন মাসে শোধনাগারটির প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে যায়। দীর্ঘদিন বৈদ্যুতিক মোটরগুলো চালু না করায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি শোধনাগারটি চালু করা হলে প্রতিদিন দুই লাখ গ্যালন পানি শোধন করে সরবরাহ করা সম্ভব হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, অধিদপ্তর ২০০৯ সালের ১৯ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র ও সনদ নেয়। ২০০৯ সালের ২১ জুন পানি শোধনাগারে বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করা হয়। ২০০৯ সালের ৬ ডিসেম্বর বিদ্যুৎ-সংযোগ ও কারিগরি ত্রুটি সারানোর জন্য সোনালী ব্যাংকের দীঘিনালা শাখার মাধ্যমে দুটি চালানে ৫৬ হাজার ১৭২ টাকা জমা দেওয়া হয়েছে। তারপরও পানি শোধনাগারটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি।
পিডিবির দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, পানি শোধনাগারটি নির্মাণের আগে বা প্রকল্প গ্রহণের আগে পিডিবির কোনো অনুমোদন নেওয়া নেয়নি। এ ছাড়া শোধনাগারের বিদ্যুতের লাইনগুলোতে কারিগরি ত্রুটি আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়মনীতি উপেক্ষা করে অভ্যন্তরীণ সংযোগগুলো স্থাপন করা হয়েছে। তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ৬৩ লাখ ৮৭ হাজার ৮৬৬ টাকা পাওনা আছে। এটিও একটি সমস্যা।
যত্ন মানিক চাকমা বলেন, ২০০৯ সালের পর বিদ্যুৎ-সংযোগের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর কোনো যোগাযোগ করেনি। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘পিডিবি যা যা বলেছে, আমরা সবই করেছি। দুটি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পিডিবির বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি সমন্বয় করে মন্ত্রণালয়। এখানে আমাদের কিছু করার নেই।’
জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘বিদ্যুৎ-সংযোগের জন্য আমরা পিডিবির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’