ছয় মন্ত্রীকে ন্যাম ভবন ছাড়ার নোটিশ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার পরও যেসব সাংসদ এখনো ন্যাম ভবনের ফ্ল্যাট দখলে রেখেছেন, তাঁদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ফ্ল্যাট খালি করে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সংসদ কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ প্রথম আলোকে বলেন, আসলে এসব বাসায় (ফ্ল্যাট) কেউ থাকেন না। আগের সংসদের কয়েকজন মন্ত্রী-সাংসদ তাঁদের নামে বরাদ্দ করা বাসা থেকে এখনো মালামাল সরিয়ে নেননি। এঁদের কয়েকজন বর্তমান সরকারের মেয়াদে প্রথম মন্ত্রী হয়েছেন। সে জন্য তাঁদের বাসা খালি করে দিতে নোটিশ দেওয়া হবে। কারণ, দশম সংসদের সাংসদদের অনেককে এখনো বাসা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।
সংসদ সচিবালয়ের হোস্টেল শাখা সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম নবম সংসদের বরাদ্দ করা বাসা থেকে এখনো মালামাল সরিয়ে নেননি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা সংসদ সচিবালয়ের হোস্টেল শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দেবকে গ্রেপ্তার না করার জন্য শেরেবাংলা নগর থানাকে সংসদ সচিবালয়ের দেওয়া চিঠির সমালোচনা করেন।