বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের। চাকরি হারানোর ভয়ে তাঁরা অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হলেও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। বরং রাজস্ব জমা পড়ার সঙ্গে সঙ্গে অর্থের একটা বড় অংশ দিয়ে ঠিকাদারদের বিল পরিশোধ করা হচ্ছে।
সিটি করপোরেশনের মেয়রের দাবি, ছয় মাস নয়, পাঁচ মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। রাজস্ব কম আদায়ের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রাজস্ব আদায় কম হওয়ার কারণ খুঁজতে গিয়ে উল্টো চিত্র পাওয়া গেল। কয়েক মাসের রাজস্ব আদায় পর্যালোচনা করে দেখা গেছে, করপোরেশন এলাকায় শুধু জমি নিবন্ধনের দুই ভাগের অর্থ আদায় হচ্ছে ৩০ থেকে ৪০ লাখ টাকা। হোল্ডিং ট্যাক্স বাবদ আয় ৪৫ থেকে ৫০ লাখ, ট্রেড লাইসেন্স থেকে আসছে ২০ লাখ, হাট-বাজার ও স্টল ভাড়া বাবদ ১৫ লাখ, বাড়ির নকশা থেকে ১০ লাখ, যানবাহন, জন্মনিবন্ধন, বিলবোর্ড, ঠিকাদারি ফরম বিক্রি বাবদ প্রায় ২০ লাখসহ গড়ে প্রায় দেড় কোটি টাকা প্রতি মাসে রাজস্ব আদায় হচ্ছে। এক বছর ধরে এই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে বলে জানা গেছে। সিটি করপোরেশনের কয়েকটি শাখার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ওই কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, গত বছর বকেয়া ছিল চার মাস। এ বছর এপ্রিল পর্যন্ত বকেয়া পড়েছে ছয় মাস। মে মাস ধরলে সাত মাস হবে। বেতন-ভাতা না পাওয়া কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি আরও বলেন, করপোরেশনের প্রধান হিসাবরক্ষক মশিউর রহমান মেয়রের সঙ্গে যোগসাজশে কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে ঠিকাদারদের বিল দেন।
এ ব্যাপারে প্রধান হিসাবরক্ষক মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ছয় মাস নয়, পাঁচ মাস কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। রাজস্ব আয়ের টাকা অন্য কোনো খাতে ব্যয় করার যে অভিযোগ, এটা সঠিক নয়। মূলত রাজস্ব ঘাটতির কারণে সমস্যা হচ্ছে। তবে নতুন ছয় হাজার হোল্ডিং হয়েছে। সেখান থেকে রাজস্ব আয় বাড়বে। তখন সমস্যা কমে আসবে। তিনি আরও বলেন, প্রধান হিসাবরক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগও সঠিক নয়। ঠিকাদারদের বিল দেওয়া হয় করপোরেশনের জরুরি তহবিল থেকে—যা একমাত্র সোনালী ব্যাংক থেকে উত্তোলন করা হয়।