দেশে গত ছয় মাসে ৩৭৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৫৮ জন। এসব ঘটনায় আহত হন সাড়ে দশ হাজার। এর মধ্যে ১২১ জন নিহত হয়েছেন হরতালের দিন সহিংসতায়। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দেশের ১২টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গতকাল রোববার সংবাদপত্র কার্যালয়ে পাঠানো আসকের এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে ৫৪টি হরতাল হয়েছে। এসব হরতালে ১২১ জন নিহত হন এবং চার হাজার ৮৭৬ জন আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষে ২৩ জন মারা যান। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ৫৬টি সংঘাতের ঘটনায় নয়জন নিহত ও ৫৫৪ জন আহত হন। আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের ১৪টি সংঘর্ষের ঘটনায় নিহত হন চারজন। এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন এবং হেফাজতের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংঘর্ষে একজন নিহত হন।
শুধু প্রতিপক্ষের রাজনৈতিক দলের সঙ্গেই নয়, প্রধান দুই দলে অভ্যন্তরীণ সহিংসতার ঘটনাও অনেক। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের সংখ্যা ৯৭টি। এতে মারা যান ১২ জন, অহত হন এক হজার ২০০ জনের বেশি। প্রধান বিরোধী দল বিএনপির অভ্যন্তরীণ ৩৯টি সংঘাতে তিনজন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ৯৩টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা ৯৯ জন। আর আহত হন দুই হাজার ৮৪৭ জন। এর মধ্যে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ৫৮টি। এতে নিহত হন ৩৬ জন। পুলিশের সঙ্গে হেফাজতের নয়টি সংঘর্ষে ৫৬ জন নিহত ও ৫৬৮ জন আহত হন। পুলিশের সঙ্গে বিএনপির ১৩টি সংঘর্ষে ৩৪৪ জন আহত এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগের তিনটি সংঘর্ষে ৩৪ জন আহত হন। আবার পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পাঁচটি সংঘর্ষে তিনজন নিহত হন।
আসকের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন। শারীরিক নির্যাতনে মারা গেছেন আরও দুজন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ৬৫ জন। আর ‘ক্রসফায়ারে’ নিহত হন ২২ জন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৩ জন এবং পুলিশের ক্রসফায়ারে নয়জন মারা গেছেন। পুলিশের নির্যাতনে আরও ১২ জন মারা গেছেন। এ সময় দুজন সাংবাদিক নিহত হন।