ছয় মাসের কাজ তিন বছরেও শেষ হয়নি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া থেকে আতরখালী পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের ছয় মাসের কাজ তিন বছরেও শেষ হয়নি। এ কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান বলেন, চলতি আগস্টের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে সময় বৃদ্ধি করে আরও চারবার চিঠি দেওয়া হয়েছিল। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন না করলে তাদের কার্যাদেশ বাতিল করা হবে।
সড়কের কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত উপজেলার উপসহকারী প্রকৌশলী রঞ্জন জানান, তৌকির এন্টারপ্রাইজের নামে দেওয়া কাজটি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাফিজ ও বরিশালের আজাদ নামের এক ঠিকাদার বাস্তবায়ন করছেন। সড়কের কাজের মধ্যে থাকা ছয়টি বক্স কালভার্ট নির্মাণ এবং মেকাডামের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাকি কাজ (কার্পেটিং) স্বল্প সময়ে শেষ করা হবে। এ ব্যাপারে ঠিকাদার আহসান হাফিজ বলেন, ‘বর্ষা শেষ হলে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ করব। এরপর আর মানুষের কোনো ভোগান্তি হবে না।’
এলজিইডি ভান্ডারিয়া কার্যালয় সূত্র জানায়, পিরোজপুর এলজিইডি কার্যালয় থেকে ২০১০ সালের প্রথম দিকে উপজেলার ইকরি ইউনিয়নের পূর্ব ধাওয়া থেকে আতরখালী পর্যন্ত ৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ও ৩ দশমিক ৬৮ মিটার প্রস্থ সড়ক নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় দুই কোটি ১৮ লাখ টাকা। ছয় মাসের মধ্যে কাজটি শেষ করার জন্য ২০১০ সালে ১৩ এপ্রিল পিরোজপুরের তৌকির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন আহসান হাফিজ ও আজাদ।
সরেজিমনে দেখা গেছে, সড়কের ছয়টি স্থানে ছয়টি বক্স কালভার্টের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সড়কের ওপরে খোয়া ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় খোয়ার মধ্যে ঘাস জন্মেছে। লোকজন এ রাস্তা দিয়ে এখন আর হেঁটে চলতে পারেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শিশির কুমার হালদার বলেন, এ সড়কের কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মন্দির ও বাজার রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চার-পাঁচ হাজার লোক চলাচল করে। সড়কে যেভাবে খোয়া ফেলে রাখা হয়েছে, তাতে সেগুলোর ওপর দিয়ে হাঁটতে গেলে প্রায়ই অনেকের পায়ের তলা ছিদ্র হয়ে যায়।