ছয় মাসের কাজ শেষ হয়নি ৪০ মাসেও
কুমিল্লার হোমনা উপজেলায় রামকৃষ্ণপুর-চান্দেরচর-পাঁচকিত্তা-জিসি রাস্তা পাকা করার ছয় মাসের কাজ ৪০ মাসেও শেষ হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন বলেন, হোমনা উপজেলার এ রাস্তাটি পাকা করার কাজ দীর্ঘ সময়েও শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার প্রক্রিয়া চলছে। যেকোনো সময় চুক্তি বাতিল হয়ে যাবে।
সরেজমিনে ২৩ ডিসেম্বর দেখা যায়, চান্দেরচর থেকে পাঁচকিত্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ হয়েছে। ১০ ফুট চওড়া রাস্তাটির চান্দেরচর মন্দির এলাকা থেকে বটতলী বাজার এবং নয়াকান্দি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ইটের ম্যাকাডম করা রয়েছে।
রাস্তার কিছু কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও ম্যাকাডম ধসে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।
আংশিক কাজ সম্পন্ন হওয়ায় ওই সড়কে চলাচলকারী যানবাহন ও জনগণ দুর্ভোগে পড়েছেন। চান্দেরচর গ্রামের শান্তি মিয়া বলেন, ‘তিন-চার বছর ধইরা রাস্তাডা খারাপ বানাইয়া রাখছে। কোনো গাড়ি ঠিকমতো চলতে পারে না, পায়েও ঠিকমতো হাঁটন যায় না। রাস্তা পাকা করার নামে যে খারাপ বানাইয়া রাখছে এর চেয়ে বালা ছিল মাডির রাস্তা।’
এলজিইডির হোমনা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি পাকা করার কাজের দরপত্র ২০১১ সালের জানুয়ারিতে আহ্বান করা হয়। রাস্তাটির দৈর্ঘ্য দুই হাজার ৫৯০ মিটার। এ কে এম ছিদ্দিকুর রহমান ওরফে আবুলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ‘এসআর এন্টারপ্রাইজ’ কাজটি পায়। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ওই বছরের ২০ আগস্ট কাজ শেষ করার নির্দেশ ছিল। কাজের প্রাক্কলন চুক্তিমূল্য হয় ৬৭ লাখ ৬৮ হাজার ৩৫৬ টাকা।
মেসার্স এসআর এন্টারপ্রাইজের ঠিকাদার এ কে এম ছিদ্দিকুর রহমান বলেন, রাস্তার কাজের ৪০ লাখ টাকার বিল করা হলেও চার লাখ টাকা পাওয়া গেছে। কাজের বেশির ভাগই শেষ করা হয়েছে, বাকিটুকুও দ্রুত শেষ করা হবে।
তিনি আরও বলেন, এলজিইডি চুক্তি বাতিল করার জন্য চিঠি দেয়নি। দ্রুত কাজ শেষ করতে চিঠি দিয়েছে।
এলজিইডি হোমনা কার্যালয়ের প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ঠিকাদারের কাজ হলো সময়মতো কাজ শেষ করা, আর যখন বিল আসবে তখন ঠিকাদার বিল পাবে। কাজ শেষ করতে মেসার্স এসআর এন্টারপ্রাইজের ঠিকাদারকে বহুবার চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদার কাজ সম্পন্ন না করায় চুক্তি বাতিল করতে গত ডিসেম্বরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।