ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া সাতটি লাশের মধ্যে ছয়টির পরিচয় শনাক্ত করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আসা পরিবারের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করেন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে আর কাউকে উদ্ধার করা যায়নি।
গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়ার খুদিয়ারটেক চ্যানেলে ৭০-৮০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৪৩ জনকে জীবিত এবং সাতজনের লাশ উদ্ধার করা হয়। অন্য যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ছয়জনকে দালাল সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, নিখোঁজ যাত্রীদের সন্ধানে গতকালও কুতুবদিয়া উপকূলে উদ্ধার তৎপরতা চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। তবে সন্ধ্যা পর্যন্ত আর কাউকে উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের প্রথমে থাইল্যান্ড সীমান্তে আটকে রাখার পরিকল্পনা ছিল দালালদের। সেখানে যাত্রীপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ আদায় করার পর তাঁদের মালয়েশিয়া পাঠানো হতো। জিজ্ঞাসাবাদে দালালেরা এ তথ্য দিয়েছে।
অংসা থোয়াই প্রথম আলোকে জানান, ছয় দালালকে গতকাল কুতুবদিয়ায় বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানব পাচার নিয়ে দালালদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মালয়েশিয়া যাত্রীদের থাইল্যান্ড সীমান্তে জিম্মি করে মুক্তিপণ আদায় করার পরিকল্পনা ছিল দালালদের। তারা চার জেলার আরও ১২ দালালের নাম-ঠিকানা দিয়েছে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা হচ্ছে না। এসব দালালকে ধরা গেলে মানব পাচারে জড়িত দেশি-বিদেশি সিন্ডিকেট চক্রের হোতাদের শনাক্ত করা যাবে।
ছয় দালাল হলো কক্সবাজার সদর উপজেলার পোকখালী গ্রামের নুর মোহাম্মদ, ওবায়দুল হক, ইসমাইল হোসেন, ইয়াছিন হোসেন, মো. রাসেল ও মো. তৈয়ুব।
ছয় লাশ শনাক্ত: সাতটি লাশের মধ্যে গতকাল পুলিশ ছয়টির পরিচয় শনাক্ত করতে পেরেছে। এঁরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফজাল শেখ (২৮), মোল্লাপাড়ার মাশেমপুর গ্রামের মো. সুইট শেখ (২৪), শিবগঞ্জের আবদুর রাজ্জাক শেখ (২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহবুব রানা শিবলু (২৭), নরসিংদীর রায়পুরের মো. সুমন ( ২৭) ও যশোরের শার্শা থানার বাবু (২৮)।
কুতুবদিয়া থানার ওসি জানান, গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য সাতটি লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।
হাসপাতাল মর্গে কথা হয় বগুড়ার ইয়াসিন মোল্লার সঙ্গে। তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিল তাঁর ছোট ভাই মহসিন মোল্লা। গত দুই দিন কুতুবদিয়া থানা-হাসপাতাল ও সৈকত ঘুরে ভাইয়ের সন্ধান পাননি তিনি।
মাগুরার কাদির শেখ জানান, বাড়ির কাউকে না জানিয়ে দালালের খপ্পরে পড়ে তাঁর ছোট ভাই সোহেল মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রামে চলে আসেন। ডুবে যাওয়া ট্রলারে সোহেলও ছিলেন।