ছয় শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে শিক্ষার্থীরা বিপাকে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় যমুনা নদীতে বিলীন হওয়া ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
এক বছরে যমুনা নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেছে চরচন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওখিলা পিএন উচ্চবিদ্যালয়, আয়শা ওসমান বালিকা উচ্চবিদ্যালয় এবং চন্দনবাইশা ডিগ্রি কলেজ। ১৮২১ সালে নওখিলাকে বগুড়া জেলার একটি থানা হিসেবে ঘোষণা করা হয়। পরে ১৮৬৮ সালে নওখিলা থানাকে সারিয়াকান্দিতে স্থানান্তর করা হয়। একসময়ের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চন্দনবাইশা এখন বিধ্বস্ত জনপদ। নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রমদানাথ রায়ের নামে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত নওখিলা পিএন উচ্চবিদ্যালয় গত বছরের সেপ্টেম্বরে যমুনায় বিলীন হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, চন্দনবাইশা নতুন বাজারের পশ্চিম পাশে ছাপরাঘর তুলে অস্থায়ী বিদ্যালয় তৈরি করা হয়েছে। কিন্তু সেখানে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে বন্যার পানি ঢোকায় ক্লাস নেওয়া বন্ধ রয়েছে। পাশের বাঁধের ওপর ছাপরা তুলে ক্লাস নেওয়া হচ্ছে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পারভীন আকতার ও লিজা আকতার জানায়, বিদ্যালয়টি ভেঙে যাওয়ার পর আর তেমন কোনো ক্লাস হয়নি। ফসলের মাঠের মধ্যে যে স্থানে ছাপরা তুলে পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে কাদাপানি। বেড়া না থাকায় বাঁধের ছাপরাঘরে ক্লাস করা যাচ্ছে না। সে জন্য ছাত্রছাত্রীরাও নিয়মিত উপস্থিত হয় না। প্রধান শিক্ষক এ বি এম আহসান রেজা বলেন, বিদ্যালয় ভবন ভেঙে গেলে তিন দফায় স্থান পরিবর্তনের পর নির্মাণাধীন বাঁধের ওপর আশ্রয় নেওয়া হয়েছে। শিক্ষকেরা নিয়মিত উপস্থিত থাকলেও ছাত্রছাত্রীর উপস্থিতি কম। আয়শা ওসমান বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনটিও এ বছরের জুনে নদীতে ভেঙে গেছে। পিএন উচ্চবিদ্যালয়ের সঙ্গেই বাঁধের ওপর ছাপরাঘর তুলে ক্লাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
দশম শ্রেণীর ছাত্রী মলি খাতুন জানায়, খোলা জায়গার মধ্যে রোদ-ধুলাবালির কারণে ক্লাসে থাকা যায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান জানান, বর্তমানে বাঁধের ওপর ক্লাস চালানো হচ্ছে। বিদ্যালয় স্থাপনের জন্য জমি কেনা হয়েছে। ভাঙনের শিকার নিজ চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমও চলছে একই বাঁধের ওপর। সেখানে টিনের ছাপরা তুলে লেখাপড়া করানো হচ্ছে।
প্রধান শিক্ষক নূরজাহান বেগম জানান, আটাচর নতুন বাঁধের পাশে জমি কেনা হয়েছে। সেখানে বিদ্যালয় পুনঃস্থাপন করা হবে। নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে যাওয়ার পর চন্দনবাইশা নতুন বাজারের কাছে ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই ঘরও বন্যার পানিতে এত দিন ডুবে ছিল। পানি নেমে যাওয়ার পর এখন সেখানে পরীক্ষা হচ্ছে। ফসলের মাঠের মধ্যে বিদ্যালয় দুটি স্থাপন করায় সেখানে যাওয়া-আসার কোনো রাস্তা নেই। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চন্দনবাইশা ডিগ্রি কলেজ নদীতে বিলীন হলে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রের কাছে একটি ভাড়া করা ঘরে দাপ্তরিক কার্যক্রম চালানো হচ্ছে। জায়গা নিয়ে পরিচালনা কমিটির সদস্যদের রশি টানাটানির কারণে নতুন ভবন স্থাপন করা সম্ভব হচ্ছে না।
সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন অস্থায়ীভাবে ঘর তৈরি করে কাজ শুরু করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ শাহজাহান বলেন, সরকারিভাবে কিছু সহায়তা দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো চালু করা হয়েছে। স্থায়ীভাবে জমি বরাদ্দ পাওয়ার পরে স্কুলঘর নির্মাণ করা হবে। লেখাপড়ার ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে।