ছয় শিক্ষার্থীকে বদলির নির্দেশ অধ্যক্ষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ। তিন প্রশিক্ষককে অপসারণ ও ছয় শিক্ষার্থীকে প্রেষণে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তঁারা গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ। তিন প্রশিক্ষককে অপসারণ ও ছয় শিক্ষার্থীকে প্রেষণে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তঁারা গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষকে গতকাল শনিবার আবারও তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তিন প্রশিক্ষককে অপসারণ ও ছয় শিক্ষার্থীকে প্রেষণে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
ঢাকা থেকে উচ্চপর্যায়ের তদন্ত শেষে সেবা অধিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ গতকাল সকালে কলেজের দুজন প্রশিক্ষক সরদার আবুল কাশেম ও একরামুল হকের প্রেষণে চাকরি প্রত্যাহারের আদেশ দেন। পাশাপাশি গাড়িচালক আইয়ুব হোসেনকে অন্যত্র বদলি এবং ছয় শিক্ষার্থী সুমী আক্তার, লাভলী ইয়াসমিন, তমা রায়, মোস্তফা মনোয়ার, রাকিবুল ইসলাম ও সিহাব হোসেনকে রাজশাহী নার্সিং কলেজে প্রেষণে বদলির নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এই আদেশের প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া আজ রোববার ক্যাম্পাসে মানববন্ধন, মঙ্গলবার সংবাদ সম্মেলন ও বুধবার থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক সুমী আক্তার বলেন, ‘এর আগে আমরা অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়েছি। কিন্তু আমাদের দাবিকে উপেক্ষা করে উল্টো ছয় শিক্ষার্থীকে রাজশাহী নার্সিং কলেজে বদলি করা হয়েছে। এ আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
কলেজের অধ্যক্ষ লুৎফুন্নেছা বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের বাইরে আমার কিছু করণীয় নেই। বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
এর আগে ১ জুলাই অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেছিলেন শিক্ষার্থীরা। নিয়ম-বহির্ভূতভাবে বিভিন্ন খাত দেখিয়ে রসিদ ছাড়াই অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা ও তাঁদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে আন্দোলন করে যাচ্ছেন তাঁরা।