ছয় শিক্ষার্থীকে বহিষ্কার, প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ছাত্রাবাস ফি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় কুমিল্লায় বেসরকারি সেন্ট্রাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন বর্ষের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন এবং সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।
গত সোমবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুর রহমান পাটোয়ারী শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করার আশ্বাস দিলে দুপুর ১২টায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু সন্ধ্যায় কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন কামরুল ইসলাম, আহমেদ রুবায়েত, জুবায়ের আহমেদ, এ বি এম মাসুদুর রহমান, শাহিন উদ্দিন ও আশরাফ হোসেন।
এর প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা সকাল আটটায় কলেজের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। তাঁরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। পরে তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন।