ছয় হাজার জওয়ান চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্রোহের পর আটক এক জওয়ানের প্রতি স্বজনের ভালোবাসা ষ ফাইল ছবি
বিদ্রোহের পর আটক এক জওয়ানের প্রতি স্বজনের ভালোবাসা ষ ফাইল ছবি

বিডিআর বিদ্রোহের ঘটনায় গত চার বছরে ১০ হাজার ৮৭৮ জওয়ানের শাস্তি হয়েছে। তাঁদের মধ্যে ছয় হাজার জনকে চাকরিচ্যুত করা হয়। ফৌজদারি মামলায় যে ৮৫০ জনের বিচার সম্পন্ন হচ্ছে, তাঁরাও এই তালিকায় আছেন।
বিজিবি সূত্র জানায়, বিদ্রোহের ঘটনায় মোট ১১ হাজার ২৬৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাঁদের সবাইকে অধিনায়কের দপ্তরে বিচারের মুখোমুখি করা হয়। এসব বিচারে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে বাহিনীর নিজস্ব আইনে স্থাপিত বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা হয় ছয় হাজার ৪৬ জওয়ানকে। এরপর বাহিনীর নিজস্ব আইনে বিচার ও অধিনায়কের বিচারে ছয় হাজার জওয়ানকে চাকরিচ্যুত করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৮৭ জনকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দুভাবে বিচার হয়। একটি হলো বাহিনীর নিজস্ব আইনে, আরেকটি ফৌজদারি আইনে।
বাহিনীর নিজস্ব আইনে বিচারের মধ্যে মোট ৫৭টি মামলা হয়। এর মধ্যে ১১টি মামলা ঢাকায় আর ৪৬টি ঢাকার বাইরে। মোট ১১টি আদালতে ছয় হাজার ৪৬ জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। ২০০৯ সালের ২৪ অক্টোবর শুরু হয় প্রথম মামলার বিচার। সব মিলিয়ে এসব মামলার রায়ে পাঁচ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। দণ্ডিত ব্যক্তিদের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়। সব মামলা থেকে বেকসুর খালাস পেলেন ১১৫ জন। খালাসপ্রাপ্তরা সবাই চাকরি ফিরে পেয়েছেন।
বিচারের ব্যাপারে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাহিনীর নিজস্ব আইনে বিচার শেষ হয়েছে।
যাঁরা খালাস পেয়েছেন, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সাজাপ্রাপ্তদের ব্যাপারে নজরদারি করার জন্য তাঁদের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।