নিয়মিত অফিস করেও ছয় মাস ধরে বেতন না পাওয়া ৩২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ছয়জনকে মুক্তিযোদ্ধা সংসদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। চাকরি হারানোর আশঙ্কায় গতকাল মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের কাছে গিয়ে কেঁদেছেন, অনুনয় করেছেন প্রয়াত এক মুক্তিযোদ্ধার স্ত্রী।
কাজ করলেও ছয় মাস ধরে বেতন না পাওয়া এই ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের এসব কর্মকর্তা-কর্মচারী প্রেষণে ওই মন্ত্রণালয়ে কাজ করছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর থেকে। তবে তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দ থেকে মুক্তিযোদ্ধা সংসদ তাঁদের বেতন দিত। কিন্তু ছয় মাস ধরে মন্ত্রণালয় ওই বরাদ্দ বন্ধ করে দেওয়ায় তাঁদের বেতন–ভাতাও বন্ধ হয়ে গেছে। গত ঈদে উৎসব–ভাতাও পাননি। এতে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
গতকাল যে ছয়জনকে সংসদে ফিরে যেতে নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে, তাঁরা হলেন অফিস সহকারী উজ্জ্বল কুমার সরকার, রোকসানা আক্তার ও খালেদা বেগম, কম্পিউটার অপারেটর মেহেরুন নেসা মিনু ও আশরাফুল ইসলাম এবং অফিস সহায়ক লিটন সরকার। ওই চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব রফিকুল ইসলাম। তবে চিঠিতে তারিখ রয়েছে ২৬ আগস্ট। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ওই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বুঝিয়ে দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। তবে তাঁদের কেউই চিঠি গ্রহণ করেননি।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ আগেই জানিয়ে দিয়েছে, এই কর্মচারীদের তারা গ্রহণ করবে না।
এ অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় থাকা কর্মচারীরা গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, এ সময় মন্ত্রীর কক্ষে তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান ও মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বৈঠক করছিলেন। বৈঠক শেষে সংসদের চেয়্যারম্যান বের হলে ওই কর্মচারীরা তাঁকে ঘিরে ধরেন। ওই অবস্থায় তাঁরা কথা বলেন। তাঁদের মধ্যে প্রয়াত এক মুক্তিযোদ্ধার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, তাঁর স্বামী নেই। এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন?
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর জনবল কম থাকায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে লোক চাওয়া হয়। এরপর বিভিন্ন সময় সেখান থেকে এই কর্মচারীদের প্রেষণে মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়।