জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছয়টি পদের মধ্যে চারটিই এক বছর ধরে শূন্য। লোকসংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও বিভিন্ন বিষয়ের তদারকি যথাযথভাবে হচ্ছে না। এতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পড়ালেখার মান নিচে নেমে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার একটি এবং সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ রয়েছে। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। ছয়টি গুচ্ছে (ক্লাস্টার) বিভক্ত এসব বিদ্যালয় তদারকির দায়িত্ব পালন করার কথা ছয় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার। তবে এখন মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা তদারকি করেন। একজনের পক্ষে প্রতিদিন ১০টি বিদ্যালয়ের তদারকি করা কোনোভাবেই সম্ভব নয়। এর প্রভাব পড়েছে বিদ্যালয়গুলোতেও।
সরিষাবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মন্টু লাল তেওয়ারী প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তাদের তদারকি না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরিষাবাড়ী শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা তরফদার বলেন, শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে বিদ্যালয়ের পড়ালেখার মান আরও ভালো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১৪ সালের ২৪ আগস্ট সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক ও আবদুল হালিম বদলি হয়ে যান। একই বছর সেপ্টেম্বরে আবদুর রশিদ ও মাহমুদা খাতুনও বদলি হয়ে যান। এখানে আছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রোকনুজ্জামান ও আনোয়ারুল ইসলাম। তাঁরা এক বছর ধরে ছয়জনের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দপ্তর সহকরী ও ডেটা এন্ট্রি অপারেটর অবসরে যাওয়ায় লোকসংকট আরও বেড়েছে।
সহকারী শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, চারজনের কাজ দুজনে করা মুশকিল হয়ে পড়েছে। সব বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। এর ওপর দপ্তর সহকরী ও ডেটা এন্ট্রি অপারেটর না থাকায় তাঁদের সমস্যা আরও বেড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আবদুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিয়ামুল নাছির ভূইয়া বলেন, ‘মাঝেমধ্যে টিও স্যারের (থানা শিক্ষা কর্মকর্তা) আদেশে আমাদের শিক্ষা দপ্তরে কাজ করতে হয়।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস প্রথম আলোকে জানান, দপ্তর সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর ও চারজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বেশ কয়েকবার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেও কোনো ফল পাওয়া যায়নি।