ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজনকে (৩৫) হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত সুজনের ভাই রাশেদুজ্জামান রানা বাদী হয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে ধুলা জাহাঙ্গীর, জেমস, রাসেল, জাবেদ, জাহাঙ্গীর ও সামাদ। তাঁরা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাছান ওরফে মুন্নার সহযোগী বলে অভিযোগ উঠেছে।
মামলার এজাহারে জানা যায়, আসামিরা গত সোমবার দুপুরে সুজনকে সৈয়দ কড়ইতলা মোড়ের বাসা থেকে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামিরা সবাই ওয়ার্ড কাউন্সিলর মুন্নার ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত। মুন্নার বিভিন্ন কর্মসূচিতে তাঁদের সব সময় দেখা যায়। নিহত সুজনের ভাই সুমন অভিযোগ করেন, মুন্নার নির্দেশেই তাঁর লোকেরা সুজনকে হত্যা করেছে।
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মুন্না বলেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। তিনিও চান ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।