ছয়জনের বিরুদ্ধে মামলা
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ ও পরে তাকে গর্ভপাতে বাধ্য করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর মা এ ঘটনায় আটোয়ারী থানায় মামলা করেন।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বার আউলিয়া গ্রামের বাসিন্দা ইসাহাক আলী (৪০) একই ইউনিয়নের এক দিনমজুরের মেয়েকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটির পরিবার বিষয়টি ইসাহাকে জানালে ইসাহাক চার মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে জোর করে পঞ্চগড় শহরে এক পরিবার পরিকল্পনা কর্মীর বাসায় নিয়ে গর্ভপাত ঘটান। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
পরে কিশোরীর মা ইসাহাকসহ ছয়জনের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা করেন। আটোয়ারী থানার ওসি শাহ আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।