চট্টগ্রামে কলেজছাত্র অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ছয় আসামির প্রত্যেকের দুটি অপরাধের জন্য ১০ বছর, ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মিজানুর রহমান, নজরুল ইসলাম, মো. নওশাদ, কালু মিয়া, জালাল উদ্দিন ও হেলাল আহমেদ। তাঁদের মধ্যে হেলাল আহমেদ পলাতক। বিচারক আদেশে উল্লেখ করেন, অপহরণ ও মুক্তিপণ দাবির দুটি সাজা একসঙ্গে চলবে। এ কারণে আসামিদের প্রত্যেকে কার্যত ১০ বছরের কারাভোগ করতে হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ২০ আগস্ট নগরের আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকা থেকে কলেজছাত্র ইব্রাহিম সাইমন ও তার বন্ধু সঞ্জয় দেবকে অপহরণ করে সীতাকুণ্ডের পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাদের পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।