ছয়টি কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ছয়টি কারখানার মালিককে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে৷ তাঁদের আগামীকাল বৃহস্পতিবারের (১২ জুন) শুনািনতে হাজির হতে হবে৷
৪ জুন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীর স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো পত্রগুলো প্রতিষ্ঠানের মালিকেরা পেয়েছেন গত সোমবার।
ওই পত্রে উল্লেখ করা হয়, সুতা প্রক্রিয়াজাতকরণের ছয়টি কারখানার মালিক পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়াই ডাইং কার্যক্রম পরিচালনা করছেন। এ কারণে কারখানার নির্গত বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ওই ধরনের কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (১৯৯৭) বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক কেন আপনাকে জিরমানা, কারখানার সেবা-সংযোগ বিচ্ছিন্ন ও মামলার আসামি করা হবে না, তা জানাতে ১২ জুনের শুনািনতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো৷
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ জানান, পত্রগুলো সদর দপ্তর থেকে লিখে বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিগুলো সংশ্লিষ্ট এলাকার কারখানার মালিকদের কাছে গত সোমবার পৌঁছানো হয়েছে৷ এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্লেষণ করে তাঁদের অর্থদণ্ড, কারখানা বন্ধসহ উপযুক্ত ব্যবস্থার বিষয়ে ১২ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
৩ জুন ‘কারখানার বর্জ্যে দুর্বিষহ জীবন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা’ শিরোনামে প্রথম আলোর বিশাল বাংলার ৫ নম্বর পাতায় একটি প্রতিবেদন ছাপা হয়৷ প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তরের নজরে এলে পরের দিনই শুনািনতে হাজির হওয়ার জন্য ওই নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনে একটি গ্রামে ছয়টি সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানার কথা উল্লেখ করা হয়৷ এর মধ্যে শুধু আজিজ সরকারের কারখানার বর্জ্য শোধনাগার চালু ছিল৷ অন্য পাঁচটি কারখানার বর্জ্য শোধনাগার নির্মাণই করা হয়নি।