ছয়টি রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ
সৈয়দপুর-চিলাহাটি রেলপথে অরক্ষিত ছয়টি রেলক্রসিং রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব রেলক্রসিংয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ ১৫ আগস্ট সৈয়দপুরের ঢেলাপীর রেলক্রসিংয়ে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হন। তারপরও এসব রেলক্রসিংয়ে চলাচল নিরাপদ করতে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
সৈয়দপুরের ভোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার বলেন, ঢেলাপীর রেলক্রসিং এলাকা একটি ব্যস্ততম এলাকা। এর দুই পাশে বহু আবাসিক এলাকাসহ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অতীতে এখানে রেলগেট ছিল। ১৯৮৫ সালে সরকারের রেল সংকোচন নীতির সময় বহু রেলশ্রমিক ছাঁটাই হয়। তখন গেটম্যানের অভাবে এই ঢেলাপীর রেলক্রসিংটি বন্ধ হয়ে যায়। ১৫ আগস্টের দুর্ঘটনার পর তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলমের কাছে ওই রেলক্রসিংয়ে গেট ও গেটম্যান চেয়ে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
ঢেলাপীর রেলক্রসিং-সংলগ্ন সংগলশী ও বোতলাগাড়ী ইউনিয়নের বাসিন্দারা বলেন, ঢেলাপীর রেলক্রসিংয়ে এর আগেও বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটে। ‘সাবধান, এই গেটটি অননুমোদিত, এখানে কোন গেটম্যান নেই’-জাতীয় সাইনবোর্ড ঝুলিয়ে এসব দুর্ঘটনার দায় এড়ানোর চেষ্টা করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
নীলফামারীর সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এসব রেলক্রসিং দিয়ে পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজনের এসব অরক্ষিত রেলক্রসিং নিয়মিত পরিদর্শনের নিয়ম থাকলেও প্রায় ক্ষেত্রেই তা করা হয় না।
রেলওয়ের সূত্রমতে, এসব লেভেল ক্রসিংয়ের বেশির ভাগই স্থানীয় সরকার তথা সড়ক ও জনপথ বিভাগের। রেলওয়ে কর্তৃপক্ষকে না জানিয়েই এসব লেভেল ক্রসিং গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময়ে এসব রেলক্রসিংয়ে দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে সুপারিশমালা বাস্তবায়ন করা হয়নি। নেওয়া হয়নি দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কোনো কার্যকর ব্যবস্থা। এসব সুপারিশ বছরের পর বছর ফাইলবন্দী পড়ে থাকে। সূত্রটি আরও বলে, এসব রেলক্রসিং শুধু যে অরক্ষিত তা-ই নয়; রেললাইনগুলোর ওপর গড়ে উঠেছে বাজার, অবৈধ দোকানপাট ও বস্তি। মাঝেমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও তা আবার পুরোনো দখলদারদের দখলে চলে যায়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর আহাম্মদ হোসেন বলেন, সৈয়দপুর-চিলাহাটি রেলপথ ৫৪ কিলোমিটার দীর্ঘ। এই রেলপথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছয়টি রেলক্রসিং হচ্ছে সৈয়দপুর শহরের বানিয়াপাড়া ও ঢেলাপীর এবং নীলফামারী সদরের খয়রাত নগর, দারোয়ানী, ডোমার ও চিলাহাটি। এসব রেলক্রসিংয়ে রেলগেট থাকা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
সৈয়দপুর রেলপথ (পূর্ত) বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, এসব রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য নিয়মিত মাসিক সভায় আলোচনা হয়। শিগগিরই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মহসী বলেন, সৈয়দপুরের চিলাহাটি রেলওয়ে সেকশনে ছয়টি রেলক্রসিং অরক্ষিত রয়েছে। এসব চিহ্নিত করে মেরামত ও সংস্কারের কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। ২০১৭ সালের জুন নাগাদ এগুলোর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আওতায় গেটকিপার নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা কমে আসবে।