ছররা গুলি বয়ে বেড়াতে হবে কয়েক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ছররা গুলিতে আহত ১১ বছরের শিশু শান্ত ইসলাম এখন আশঙ্কামুক্ত। তবে শরীরে সেই ছররা গুলি নিয়ে তাকে বেঁচে থাকতে হবে বেশ কয়েকটি বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী সার্জন পীযূষ কান্তি মিত্র প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, শান্তর মাথা, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশে অর্ধ মিলিমিটার ব্যাসার্ধের বেশ কিছু ছররা গুলি ঢুকেছে। এগুলো এখনো গোনা সম্ভব হয়নি। অস্ত্রোপচার করতে গেলে বেশ কাটাছেঁড়া করতে হবে। এ কারণে অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ছররা গুলিগুলো শরীরের কোনো ক্ষতি করবে না। শরীরে থাকা ছররা গুলি পাঁচ-ছয় বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে।
নারায়ণগঞ্জের বাসা থেকে ফকিরাপুলে মায়ের সঙ্গে খালার বাসায় বেড়াতে এসেছিল তৃতীয় শ্রেণীর ছাত্র শান্ত। গত শুক্রবার বাবা মো. সোবহানের জন্য ভাত নিয়ে মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে গিয়েছিল সে। সেখানে বাবা সোবহান চায়ের দোকানদারি করেন। ফেরার পথে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়ে ছররা গুলিতে আহত হয় শান্ত।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেল, ছেলের পাশে বসে কেঁদে চলেছেন মা আসমা বেগম। ‘শান্ত আশঙ্কামুক্ত’—তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন অনেক স্বজন। তবু তিনি তা বিশ্বাস করতে পারছিলেন না। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার পোলা এখন কথা কইতে পারে না। তার অবস্থা তো ভাই ভালো না।’